আশাশুনিতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ধান ও সবজি চাষ
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ধান ও সবজির চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের সুষম পরামর্শের কারণে এ বছর চাষাবাদে কৃষকদের আগ্রহ বেড়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
কৃষি দপ্তর সূত্র জানায়, ২০২৬-২৭ অর্থবছরে ৯ হাজার ২২২ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে ৯ হাজার ২৫০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৮ হেক্টর বেশি। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে ২৬ হাজার ২১৮ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্য রয়েছে। এ ছাড়া ১৪৫ হেক্টর জমিতে আউশ ধানের চাষ হয়েছে।
অন্যদিকে, চলতি মৌসুমে উপজেলার ৫২০ হেক্টর জমি ও মৎস্য ঘেরের আইলে ১৮৭ হেক্টরসহ মোট ৭০৭ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়েছে। পাশাপাশি বসতবাড়ির পতিত জমিতে ৪ হাজার ৫২০টি বস্তায় আদা এবং উপজেলার বিভিন্ন জলাশয়ে ৮ হেক্টর জমিতে পানি ফলের চাষ করা হয়েছে।
আশাশুনি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুস সোবহান জানান, বর্তমান আবহাওয়া ও ফসলের মাঠের পরিস্থিতি ভালো রয়েছে। তবে শীতের মৌসুমে ক্ষতিকর পোকার আক্রমণ প্রতিরোধে অগ্রিম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।









