আশাশুনিতে স্যানিটেশন কর্মীদের প্রশিক্ষণ
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) আশাশুনি ‘পাথেয় ট্রেনিং সেন্টার’-এ দুই দিনব্যাপী এই কর্মশালার প্রথম দিন অতিবাহিত হয়। রূপান্তরের ‘গোফরইমপ্যাক্ট’ প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে সদর, শ্রীউলা, বুধহাটা ও শোভনালী ইউনিয়নের গ্রাম পুলিশ, দফাদার এবং বাজার কমিটির সদস্যরা অংশ নেন।
কর্মশালায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনার সময় ব্যক্তিগত স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রূপান্তরের সিনিয়র অফিসার শহীদ হাসান নয়ন কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু। তিনি স্থানীয় সরকার ব্যবস্থায় মাঠ পর্যায়ে কাজ করা গ্রাম পুলিশদের এই প্রশিক্ষণে সম্পৃক্ত করার উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, “পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় সরাসরি যুক্ত ব্যক্তিদের সঠিক সুরক্ষা সরঞ্জাম ব্যবহার এবং সচেতনতা অত্যন্ত জরুরি। গ্রাম পুলিশদের এই কাজে যুক্ত করা রূপান্তরের একটি প্রশংসনীয় উদ্যোগ।” কর্মশালার প্রথম দিন শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) বিতরণ করা হয়। এর মধ্যে ছিল গ্লাভস, মাস্কসহ প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী।









