বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

আশাশুনির চেউটিয়া নদীর ওপর সেতুর ঢালাই কাজ সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ১:০০ পূর্বাহ্ণ
আশাশুনির চেউটিয়া নদীর ওপর সেতুর ঢালাই কাজ সম্পন্ন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার পারিশামারী ধনিরাম মাধ্যমিক বিদ্যালয়ের সামনে চেউটিয়া নদীর ওপর নির্মাণাধীন সেতুর (ব্রিজ) পাইল ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। রোববার সকালে এই ঢালাই কাজের উদ্বোধন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ১ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করছেন ঠিকাদার আব্দুল মান্নান। ১২ ফুট দৈর্ঘ্য ও ৪.২৭ মিটার প্রস্থের এই সেতুর নির্মাণকাজ গত ২০২৫ সালের এপ্রিল মাসে শুরু হয়। চলতি জুন মাসের মধ্যেই কাজ সম্পূর্ণ শেষ করার কথা রয়েছে।
ঢালাই কাজ উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাজরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আ. রশিদ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি এবাদুল হক গাজী, ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি একলাছুর রহমান, ৬ নম্বর ওয়ার্ড সেক্রেটারি আবুল কালাম, ধনিরাম হাই স্কুলের প্রধান শিক্ষক বিরাজ মোহন রায় ও রমজান আলী মোড়ল। সেতুটির নির্মাণকাজ শেষ হলে এলাকার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ খাজরা ও আনুলিয়াসহ কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষ নির্বিঘেœ ও নিরাপদে যানবাহন নিয়ে চলাচল করতে পারবেন।

আশাশুনিতে বৃদ্ধা সোনাভানের দাফন সম্পন্ন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামে বৃদ্ধা সোনাভান বিবির (৬৭) দাফন সম্পন্ন হয়েছে। গত শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ওই দিন বাদ এশা নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। জানাজায় ইমামতি করেন মরহুমার নাতি ইয়াসিন আলী।
মরহুমার ছেলে, বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন আশাশুনি উপজেলা শাখার সভাপতি ও বড়দল ইউপির দফাদার মোস্তাজুল হক এবং তাঁর বোনেরা জানান, গত ২ জুন তাঁদের মা পেটের পীড়ায় অসুস্থ হলে প্রথমে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালে ৫ জুন সকাল ৯টায় তাঁকে আইসিইউতে নেওয়া হয়। তখন তিনি যথেষ্ট সুস্থ ছিলেন এবং কথাও বলছিলেন। কিন্তু বিকেলে হঠাৎ হাসপাতাল থেকে তাঁর মৃত্যুর খবর জানানো হয়। মোস্তাজুল হকের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের চরম গাফিলতির কারণেই তাঁর মায়ের অকালমৃত্যু হয়েছে।

 

Ads small one

আশাশুনিতে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৫:০১ অপরাহ্ণ
আশাশুনিতে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার

বিএম আলাউদ্দীন, আশাশুনি: শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘেœ উদ্যাপন নিশ্চিত করতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। এ সময় তিনি পূজামন্ডপের নিরাপত্তাব্যবস্থা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সরকারি নির্দেশনা অনুযায়ী বুধবার সব পূজামন্ডপের প্রতিমা একযোগে বিসর্জন দেওয়ার নির্দেশনা দেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে শারদীয় দুর্গাপূজার নবমীতে তিনি উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের পাশাপাশি পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার সব্দালপুর সার্বজনীন দুর্গামন্দির, মহেশ্বরকাটি সার্বজনীন দুর্গামন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ ঘুরে দেখেন। তিনি পূজামন্ডপে দায়িত্বরত পুলিশ, আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম বলেন, “শারদীয় দুর্গাপূজা বাঙালির অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয়, সে জন্য সাতক্ষীরা জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পূজামন্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।”

তিনি আরও বলেন, “কোনো ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত হওয়া যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সবাইকে দুর্গোৎসব উদ্যাপন করতে হবে। পূজাকে কেন্দ্র করে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ প্রস্তুত রয়েছে।”

প্রতিমা বিসর্জন প্রসঙ্গে পুলিশ সুপার সরকারি নির্দেশনা অনুসরণের ওপর গুরুত্বারোপ করে বলেন, নির্ধারিত নির্দেশনা অনুযায়ী বুধবার সব পূজামন্ডপের প্রতিমা একযোগে বিসর্জনের ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট পূজা উদ্যাপন কমিটি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। বিসর্জন কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

পুলিশ সুপার পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার আহ্বান জানান।
পরিদর্শনকালে সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) বায়েজিদ ইসলাম, আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান, এসআই আব্দুর রউফ, এএসআই অমিত হাসান, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্য এবং আশাশুনি থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৪৯

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৪৯

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় গত এক বছরে সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু এবং ৪৯ জন আহত হয়েছে। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) পাইকগাছা উপজেলা শাখা সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান ও দুর্ঘটনা প্রতিরোধে করণীয় তুলে ধরে আয়োজিত সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনার এমন চিত্র উঠে এসেছে।

২১ অক্টোবর বুধবার সকালে ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ২০২৫ সালের ২০ অক্টোবর হতে ২০২৬ সালের ২০ অক্টোবর পর্যন্ত এলাকার সড়ক দুর্ঘটনার বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেন নিসচা উপজেলা শাখার সড়ক দুর্ঘটনা বিষয়ক সম্পাদক সাংবাদিক এসএম আলাউদ্দিন সোহাগ। নিসচা তথ্য অনুযায়ী গত এক বছরে অত্র উপজেলায় ছোট বড় ৬৩ টি সড়ক দুর্ঘটনা ঘটেছে, এতে ৮ জনের মৃত্যু এবং ৪৯ জন আহত হয়।

সংগঠনের সভাপতি সাংবাদিক এইচ এম শফিউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম ইলিয়াস হোসেনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক মিজানুর রহমান, নিসচা সিনিয়র সহ সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, অ্যাডভোকেট একরামুল ইসলাম, মোঃ হুরায়রা বাদশা, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, এসএম বাবুল আক্তার, কাজী সোহাগ, আবু হানিফ মিলন, ফরিদুল ইসলাম প্রমুখ।

ইনানীর আগুন ও আমাদের দায়হীনতার সংস্কৃতি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ
ইনানীর আগুন ও আমাদের দায়হীনতার সংস্কৃতি

মো. মামুন হাসান

সমুদ্রের কাছে মানুষ যায় নিজেকে একটু ভুলে থাকতে। ঢেউয়ের শব্দে ক্লান্তি ধুয়ে ফেলতে, নোনা বাতাসে জীবনের ব্যস্ততা কিছুক্ষণের জন্য দূরে সরিয়ে রাখতে। কিন্তু সেই সমুদ্রের তীরেই যদি একটি রাতের ঘুম পরিণত হয় জীবনের শেষ রাতে, তাহলে প্রশ্নটি শুধু একটি অগ্নিকান্ডের থাকে না; প্রশ্ন ওঠে আমাদের পর্যটনচিন্তা, আতিথেয়তার দর্শন এবং মানুষের জীবনের প্রতি আমাদের দায়বদ্ধতা নিয়ে।

কক্সবাজারের ইনানীতে অগ্নিকান্ডে দশজন মানুষের প্রাণহানি তাই নিছক একটি দুর্ঘটনা নয়। এটি বাংলাদেশের পর্যটন ব্যবস্থাপনার সামনে রাখা একটি কঠিন আয়না। সেই আয়নায় আমরা দেখতে পাচ্ছি, পর্যটককে স্বাগত জানানোর জন্য আমাদের যতটা প্রস্তুতি, তাঁকে নিরাপদে ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি তার তুলনায় কতটা দুর্বল।

পর্যটনশিক্ষার একজন শিক্ষক হিসেবে আমি বরাবরই মনে করি, একটি গন্তব্যের সৌন্দর্য তার পাহাড়, সমুদ্র, বন, নদী কিংবা স্থাপত্যে যতটা, তার চেয়ে বেশি নিহিত থাকে মানুষের অভিজ্ঞতায়। একজন পর্যটক একটি গন্তব্যে যান আনন্দের প্রত্যাশা নিয়ে। তিনি সেখানে অর্থ ব্যয় করেন, স্থানীয় অর্থনীতিকে সচল করেন, মানুষের কর্মসংস্থান তৈরি করেন। বিনিময়ে তাঁর প্রত্যাশা খুব বেশি নয়। তিনি চান সম্মান, স্বস্তি এবং নিরাপত্তা। পর্যটন শিল্পের ভাষায় এটিই গন্তব্যের মৌলিক প্রতিশ্রুতি।

ইনানীর ঘটনায় সেই প্রতিশ্রুতিই প্রশ্নের মুখে পড়েছে। প্রকাশিত সংবাদ অনুযায়ী, গত ১৭ অক্টোবর কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকায় তুপতুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে আগুন লাগে। ভবনটির নির্মাণে কাঠ ও বাঁশের মতো দাহ্য উপকরণ ব্যবহারের কথা এসেছে। ফায়ার সেফটি সনদ না থাকা এবং ভবনটি আগেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হওয়ার বিষয়টিও সামনে এসেছে। আগুনের প্রকৃত কারণ তদন্তেই নিশ্চিত হবে। কিন্তু পর্যটন ব্যবস্থাপনার একজন শিক্ষক হিসেবে আমার কাছে আগুন কোথা থেকে শুরু হয়েছে, তার চেয়েও বড় প্রশ্ন হলো, ঝুঁকি আগে থেকেই জানা থাকলে সেখানে পর্যটকদের থাকার সুযোগ কীভাবে অব্যাহত থাকে? এখানেই দুর্ঘটনা আর অব্যবস্থাপনার পার্থক্যটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

মনোবিজ্ঞানী জেমস রিজনের ‘সুইস চিজ মডেল’ আমাদের শেখায়, বড় দুর্ঘটনা সাধারণত একটি ভুলের কারণে ঘটে না। নিরাপত্তাব্যবস্থার একাধিক স্তরে ছোট ছোট দুর্বলতা জমতে জমতেই একসময় সেগুলো একই সরলরেখায় এসে দাঁড়ায়। তখন একটি সামান্য ত্রুটিও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। ইনানীর ঘটনাকে এই দৃষ্টিতে দেখলে দেখা যায়, একটি সম্ভাব্য আগুনের উৎসের পাশাপাশি নির্মাণব্যবস্থা, জরুরি বহির্গমন, অগ্নিনিরাপত্তা, তদারকি এবং দ্রুত উদ্ধারব্যবস্থার মতো বহু প্রশ্ন একসঙ্গে সামনে আসে। অর্থাৎ আগুন হয়তো কয়েক মিনিটে ছড়িয়েছে, কিন্তু বিপর্যয়ের ভিত্তি তৈরি হয়েছে অনেক আগে।

সমাজবিজ্ঞানী ডায়ান ভনের ‘নরমালাইজেশন অব ডিভিয়েন্স’ তত্ত্বও এখানে প্রাসঙ্গিক। কোনো নিয়ম একবার ভাঙার পর যদি বড় বিপদ না ঘটে, তখন মানুষ ধীরে ধীরে সেই নিয়মভঙ্গকেই স্বাভাবিক বলে মেনে নিতে শুরু করে। একসময় জরুরি বহির্গমনপথ না থাকাও অস্বাভাবিক মনে হয় না, অগ্নিনিরাপত্তার ঘাটতিও তেমন উদ্বেগ তৈরি করে না, ঝুঁকিপূর্ণ ভবনেও ব্যবসা চলতে থাকে। বিপর্যয় না ঘটার প্রতিটি দিন তখন নিরাপত্তার প্রমাণ বলে মনে হয়। অথচ সেটি নিরাপত্তা নয়, সৌভাগ্য। পর্যটনশিল্প সৌভাগ্যের ওপর চলতে পারে না।

একজন পর্যটক যখন কোনো হোটেল বা রিসোর্টে রাত কাটান, তখন তিনি ধরে নেন প্রতিষ্ঠানটি নিরাপদ। তিনি সাধারণত ভবনের নকশা পরীক্ষা করেন না, ফায়ার সেফটি সনদ দেখতে চান না, জরুরি বহির্গমনপথের প্রকৌশলগত মান যাচাই করেন না। এসব নিশ্চিত করার দায় রাষ্ট্রের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান এবং সেবা প্রদানকারীর। পর্যটক তাঁর অর্থ দিয়ে একটি কক্ষ ভাড়া নেন, নিজের জীবন বন্ধক রাখেন না। এই সত্যটি আমরা যত দ্রুত বুঝব, আমাদের পর্যটন তত বেশি মানবিক হবে।

পর্যটনের অর্থনীতি নিয়ে আমরা অনেক কথা বলি। কর্মসংস্থান, বিনিয়োগ, বৈদেশিক মুদ্রা, স্থানীয় ব্যবসা, পরিবহন, খাদ্যসেবা সবকিছুই পর্যটনের সঙ্গে যুক্ত। কিন্তু পর্যটনের সবচেয়ে অদৃশ্য এবং সবচেয়ে মূল্যবান সম্পদ হলো আস্থা। একজন পর্যটক যদি কোনো গন্তব্য সম্পর্কে মনে করেন সেখানে তিনি নিরাপদ, তাহলে সেই আস্থা অন্য পর্যটককেও সেখানে নিয়ে যায়। আবার একটি বড় দুর্ঘটনা শুধু একটি পরিবারকে শোকাহত করে না; তা একটি গন্তব্যের ভাবমূর্তিতেও দীর্ঘ ছায়া ফেলে।

পর্যটন গবেষণায় ‘ডেস্টিনেশন ইমেজ’ বা গন্তব্যের ভাবমূর্তি একটি গুরুত্বপূর্ণ ধারণা। মানুষ কোনো জায়গায় যাওয়ার আগে শুধু ছবি দেখে না, সেই জায়গার নিরাপত্তা, পরিচ্ছন্নতা, সেবার মান এবং পূর্ববর্তী পর্যটকদের অভিজ্ঞতাও বিবেচনা করে। ফলে ইনানীর আগুনের খবর শুধু কক্সবাজারের একটি রিসোর্টের খবর হয়ে থাকে না; এটি বাংলাদেশের পর্যটন গন্তব্যের নিরাপত্তা নিয়ে সম্ভাব্য পর্যটকের মনে একটি প্রশ্ন তৈরি করে। আর পর্যটনে একটি প্রশ্ন অনেক সময় একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে।

আমরা যদি সত্যিই বাংলাদেশকে একটি প্রতিযোগিতামূলক পর্যটন গন্তব্য হিসেবে গঙে তুলতে চাই, তাহলে সৌন্দর্যের পাশাপাশি নিরাপত্তাকেও ব্র্যান্ডিংয়ের অংশ করতে হবে। একটি পর্যটনকেন্দ্রের প্রবেশপথে শুধু ‘স্বাগতম’ লেখা থাকলেই হবে না; সেখানে পর্যটককে বোঝাতে হবে, তাঁর নিরাপত্তার জন্য কী ব্যবস্থা রয়েছে। হোটেল বা রিসোর্টের বুকিংয়ের সঙ্গে খাবারের তালিকা, কক্ষের ছবি ও মূল্যতালিকার মতোই নিরাপত্তা-সংক্রান্ত তথ্যও দৃশ্যমান হওয়া উচিত।

প্রযুক্তি এখানে বড় ভূমিকা রাখতে পারে। একটি আবাসন প্রতিষ্ঠানের ফায়ার সেফটি অবস্থা, লাইসেন্স, জরুরি বহির্গমনপথ এবং সর্বশেষ নিরাপত্তা পরিদর্শনের তথ্য কিউআর কোডের মাধ্যমে পর্যটকের সামনে তুলে ধরা যেতে পারে। কোনো প্রতিষ্ঠান ঝুঁকিপূর্ণ হলে অনলাইন বুকিং প্ল্যাটফর্মে তার সতর্কতাও দৃশ্যমান করা যেতে পারে। এতে নিয়ন্ত্রণের একটি অংশ পর্যটকের হাতেও চলে আসবে।

তবে বাজারের শক্তির ওপর সব দায় ছেড়ে দিলে চলবে না। রাষ্ট্রের নিয়ন্ত্রক ভূমিকা আরও শক্তিশালী করতে হবে। পর্যটনকেন্দ্রিক এলাকায় বিভিন্ন সংস্থার বিচ্ছিন্ন তদারকির পরিবর্তে সমন্বিত নিরাপত্তাব্যবস্থা দরকার। ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন, পরিবেশ কর্তৃপক্ষ, উন্নয়ন কর্তৃপক্ষ ও পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান সবার কাজের মধ্যে সমন্বয় থাকতে হবে। কারণ দুর্ঘটনার পর ‘এটি আমার দায়িত্ব ছিল না’ ধরনের বক্তব্য একটি প্রাণও ফিরিয়ে আনতে পারে না।

দূরবর্তী পর্যটন এলাকায় আরও একটি বিষয় গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। যেখানে একটি পূর্ণাঙ্গ ফায়ার স্টেশন থেকে দ্রুত পৌঁছানো কঠিন, সেখানে স্থানীয় পর্যায়ে ছোট জরুরি উদ্ধারকেন্দ্র, পর্যাপ্ত পানি, অগ্নিনির্বাপণ সরঞ্জাম এবং প্রশিক্ষিত কর্মী থাকা দরকার। পর্যটনের ভাষায় এটিই হবে ‘কমিউনিটি বেসড ট্যুরিজম সেফটি’। স্থানীয় মানুষকে শুধু পর্যটন অর্থনীতির অংশীদার করলে হবে না, তাঁদের দুর্যোগ ব্যবস্থাপনার অংশীদারও করতে হবে।

এখানে পর্যটন শিক্ষারও একটি নতুন দায়িত্ব তৈরি হয়েছে। আমাদের শিক্ষার্থীরা যেন শুধু হোটেলের ফ্রন্ট অফিসে অতিথিকে স্বাগত জানাতে শেখে, তা যথেষ্ট নয়। তাঁদের জানতে হবে কীভাবে জরুরি অবস্থায় একজন অতিথিকে বের করে আনতে হয়, কীভাবে আতঙ্ক নিয়ন্ত্রণ করতে হয়, কীভাবে আগুনের প্রাথমিক প্রতিরোধ করতে হয় এবং কীভাবে একটি নিরাপদ আতিথেয়তা প্রতিষ্ঠান পরিচালনা করতে হয়। কারণ আধুনিক আতিথেয়তা শুধু হাসিমুখে সেবা দেওয়ার নাম নয়; এটি ঝুঁকি ব্যবস্থাপনারও একটি পেশা।

দার্শনিক হান্স জোনাসের ‘দায়িত্বের নীতি’ আমাদের মনে করিয়ে দেয়, মানুষের জীবন ও ভবিষ্যতের প্রতি দায়বদ্ধতা কোনো ঐচ্ছিক নৈতিকতা নয়। পর্যটন ব্যবসার ক্ষেত্রেও এই দর্শন প্রযোজ্য। একটি রিসোর্টের মালিকের কাছে কাঠের নকশা হয়তো ব্যবসার সৌন্দর্য, কিন্তু একজন অতিথির কাছে সেটি নিরাপত্তার প্রশ্ন। একজন উদ্যোক্তার কাছে একটি সিঁড়ি নির্মাণের খরচ হয়তো ব্যয়, কিন্তু আগুনের মুহূর্তে সেটিই হতে পারে একজন মানুষের জীবনের সঙ্গে মৃত্যুর পার্থক্য। এই উপলব্ধিটিই আমাদের পর্যটন দর্শনের কেন্দ্রে আনতে হবে।

রবীন্দ্রনাথের মানবতাবাদ আমাদের মানুষকে কোনো হিসাবের অঙ্কে পরিণত না করে মানুষ হিসেবেই দেখতে শেখায়। পর্যটকও তাই। তিনি কোনো ‘কাস্টমার নম্বর’ নন, কোনো ‘বুকিং আইডি’ নন। তিনি একজন মানুষ, যাঁর সঙ্গে তাঁর পরিবারের ভালোবাসা, প্রত্যাশা ও ভবিষ্যৎ জড়িয়ে আছে। তাঁকে নিরাপদ রাখা তাই ব্যবসায়িক কর্তব্যের পাশাপাশি মানবিক কর্তব্যও।

ইনানীর আগুনে হারিয়ে যাওয়া মানুষগুলো আর ফিরবেন না। তাঁদের পরিবারের শূন্যতা কোনো তদন্ত প্রতিবেদন পূরণ করতে পারবে না। কিন্তু তাঁদের মৃত্যু যদি আমাদের পর্যটন ব্যবস্থাপনার দর্শন বদলে দেয়, যদি একটি রিসোর্টের নকশা থেকে একটি পর্যটন এলাকার নিরাপত্তা পরিকল্পনা পর্যন্ত নতুন করে ভাবতে বাধ্য করে, তাহলে সেই শোক ভবিষ্যতের বহু প্রাণ রক্ষার কারণ হতে পারে।

আমাদের মনে রাখতে হবে, পর্যটন মানে মানুষকে কোথাও নিয়ে যাওয়া নয়; পর্যটন মানে মানুষকে একটি অভিজ্ঞতার কাছে নিয়ে যাওয়া। আর সেই অভিজ্ঞতার প্রথম শর্ত আনন্দ, শেষ শর্ত নিরাপদ প্রত্যাবর্তন। আমরা পর্যটককে সমুদ্র দেখাতে পারি, সূর্যাস্ত দেখাতে পারি, পাহাড়ের মেঘ দেখাতে পারি, সুন্দরবনের নীরবতা শোনাতে পারি। কিন্তু তাঁর ঘরে ফেরার নিশ্চয়তা দিতে না পারলে আমাদের সব আতিথেয়তা অসম্পূর্ণ থেকে যায়।

ইনানীর আগুন তাই শুধু একটি রিসোর্ট পোড়ায়নি; এটি আমাদের পর্যটনচিন্তার একটি অন্ধকার দিকও উন্মোচিত করেছে। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি আগুন নিভিয়ে আবার আগের মতো ফিরে যাব, নাকি এই আগুনের আলোয় নিজেদের ব্যবস্থার দুর্বলতাগুলো নতুন করে দেখতে শিখব? কারণ একজন পর্যটককে আমন্ত্রণ জানানো সহজ। তাঁকে নিরাপদে ঘরে ফিরিয়ে দেওয়াই আসল আতিথেয়তা।

মো. মামুন হাসান, বিভাগীয় প্রধান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট।