আশাশুনিতে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার
বিএম আলাউদ্দীন, আশাশুনি: শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘেœ উদ্যাপন নিশ্চিত করতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। এ সময় তিনি পূজামন্ডপের নিরাপত্তাব্যবস্থা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সরকারি নির্দেশনা অনুযায়ী বুধবার সব পূজামন্ডপের প্রতিমা একযোগে বিসর্জন দেওয়ার নির্দেশনা দেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে শারদীয় দুর্গাপূজার নবমীতে তিনি উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের পাশাপাশি পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার সব্দালপুর সার্বজনীন দুর্গামন্দির, মহেশ্বরকাটি সার্বজনীন দুর্গামন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ ঘুরে দেখেন। তিনি পূজামন্ডপে দায়িত্বরত পুলিশ, আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম বলেন, “শারদীয় দুর্গাপূজা বাঙালির অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয়, সে জন্য সাতক্ষীরা জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পূজামন্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।”
তিনি আরও বলেন, “কোনো ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত হওয়া যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সবাইকে দুর্গোৎসব উদ্যাপন করতে হবে। পূজাকে কেন্দ্র করে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ প্রস্তুত রয়েছে।”
প্রতিমা বিসর্জন প্রসঙ্গে পুলিশ সুপার সরকারি নির্দেশনা অনুসরণের ওপর গুরুত্বারোপ করে বলেন, নির্ধারিত নির্দেশনা অনুযায়ী বুধবার সব পূজামন্ডপের প্রতিমা একযোগে বিসর্জনের ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট পূজা উদ্যাপন কমিটি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। বিসর্জন কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার আহ্বান জানান।
পরিদর্শনকালে সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) বায়েজিদ ইসলাম, আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান, এসআই আব্দুর রউফ, এএসআই অমিত হাসান, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্য এবং আশাশুনি থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









