কপোতাক্ষ নদের বেড়িবাঁধের মাটি বিক্রির অভিযোগ, বন্যার ঝুঁকিতে তীর
পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা থানার কাটাখালি অঞ্চলে কপোতাক্ষ নদ খনন প্রকল্পের মাটি অবৈধভাবে বিক্রি ও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জমি ভরাটে ব্যবহারের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা উপেক্ষা করে দিন-রাত ট্রাক ও ট্রলিযোগে এই মাটি পরিবহন করা হচ্ছে। এতে সরকারের রাজস্ব ক্ষতির পাশাপাশি নদী খনন প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে এবং কপোতাক্ষ তীরের গ্রামগুলোয় বন্যার ঝুঁকি বাড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খননকৃত মাটি সংরক্ষণ ও সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবস্থাপনার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না। একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন ধরে এই মাটি বিক্রির কার্যক্রম চলছে। কপোতাক্ষ নদের খননকৃত মাটি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ইটভাটা, বাড়ি ও কৃষিজমি ভরাটের কাজে ব্যবহার করা হচ্ছে। প্রশাসনের সামনেই এই কার্যক্রম পরিচালিত হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে স্থানীয়দের ক্ষোভ বাড়ছে।
কপোতাক্ষ তীরের ইসলামকাটি ইউনিয়নের বাসিন্দা আখতারুল ইসলাম বলেন, জাতীয় স্বার্থের এই কপোতাক্ষ নদের মাটি জোর করে কেটে নিয়ে যাচ্ছে কিছু ইটভাটার মালিক। সচেতন মহলের দাবি, অবিলম্বে এই মাটি বিক্রি বন্ধ করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।
স্থানীয় বাসিন্দা আতাউর রহমান জানান, ভরা বর্ষা মৌসুমে কপোতাক্ষ নদের পানি দিন দিন বাড়ছে। জরুরি ভিত্তিতে নদের দুপাড়ের বেড়িবাঁধের মাটি এভাবে অবৈধভাবে সরানো বন্ধ না করলে পাশের গ্রামগুলোয় ভয়াবহ বন্যা দেখা দিতে পারে।
এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজা স্বপ্না বলেন, জনগণের ক্ষতি করে যারা ব্যক্তিস্বার্থে কাজ করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই সহকারী কমিশনার (ভূমি) রাহাত খানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে কর্তৃপক্ষের এই আশ্বাসের সঙ্গে বাস্তব পদক্ষেপের মিল নেই বলে কপোতাক্ষের দুপাড়ের মানুষের অভিমত।












