কয়রায় জমি নিয়ে বিরোধের জেরে নারীকে হুমকি, থানায় জিডি
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার চৌকুনি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে নাজমা খাতুন নামের এক নারীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা হীনতায় ভুগে ওই ভুক্তভোগী নারী গত ৩০ জুন কয়রা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, চৌকুনি গ্রামের নুর মোল্লা এবং সেলিম মোল্লা, গাউস মোল্লা ও মাসুদ মোল্লাদের সঙ্গে নাজমা খাতুনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত ২৭ জুন সন্ধ্যায় স্থানীয় চৌকুনি বাজারের একটি চায়ের দোকানের সামনে তাঁদের দেখা হলে অভিযুক্ত ব্যক্তিরা নাজমা খাতুনকে গালিগালাজ করতে থাকেন। ঘটনার প্রতিবাদ করায় তাঁরা লাঠিসোটা ও রড নিয়ে মারমুখী আচরণ করেন। একপর্যায়ে নাজমা খাতুনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত ব্যক্তিরা ধারালো দা ও লোহার রড উঁচিয়ে তাঁকে প্রাণনাশের হুমকি দেন।
নাজমা খাতুন অভিযোগ করেন, তাঁর বসতবাড়িটি কিছুটা ফাঁকা স্থানে হওয়ায় সুযোগ বুঝে অভিযুক্ত ব্যক্তিরা তাঁর ও পরিবারের বড় ধরনের ক্ষতি করার হুমকি দিচ্ছেন। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে জানতে অভিযুক্ত নুর মোল্লা ও অন্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. খাইরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।












