কলারোয়া সীমান্তে সাড়ে ১২ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১২ লাখ ৬০ হাজার ৭০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ কয়েকটি বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে পাচারের সময় পদ্মশাখরা বিওপি ২ লাখ ৫০ হাজার টাকার চিংড়ির রেণুপোনা আটক করে। এছাড়া কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে কলারোয়া উপজেলার কেড়াগাছি, রাজপুর ও বড়ালি এলাকা থেকে ৭ লাখ ৯ হাজার ৭০০ টাকার ভারতীয় ওষুধ এবং ৩ লাখ ১ হাজার টাকার মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেন। শুল্ক ফাঁকি রোধ ও দেশীয় শিল্প রক্ষায় বিজিবির এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।









