খুলনায় বিভাগীয় পর্যায়ে ভ্রাম্যমাণ লাইব্রেরির পাঠক সমাবেশ
পত্রদূত ডেস্ক: বয়রাস্থ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় পর্যায়ের পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গণগ্রন্থাগার অধিদপ্তর ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সহযোগিতায় দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্প এ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। তিনি বলেন, একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে নতুন প্রজন্মকে বইমুখী করা এবং মোবাইল আসক্তি থেকে দূরে রাখার বিকল্প নেই।
খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক মু. বিল্লাল হোসেন খান এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক মোছা. মরিয়ম বেগম বিশেষ অতিথির বক্তব্য দেন। সমাবেশ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং গণগ্রন্থাগার প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।












