শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

চরিত্রের প্রয়োজনে ৯ কেজি ওজন বাড়াতে হয়েছে: ভাবনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ণ
চরিত্রের প্রয়োজনে ৯ কেজি ওজন বাড়াতে হয়েছে: ভাবনা

বিনোদন ডেস্ক: চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙে নতুন করে গড়ে তোলার উদাহরণ নতুন নয়, তবে এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমায় অভিনয়ের জন্য তাকে বাড়াতে হয়েছে প্রায় ৯ কেজি ওজন—যা তার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং অভিজ্ঞতা বলে জানিয়েছেন তিনি।

ভাবনা বলেন, “এটি আমার ক্যারিয়ারের অন্যতম কঠিন কাজ। চরিত্রের প্রয়োজনে প্রায় ৯ কেজি ওজন বাড়াতে হয়েছে। শুধু তাই নয়, যাত্রাশিল্পীদের মতো নাচ ও অভিনয়ও শিখতে হয়েছে। ‘রোজি’ চরিত্রটি করতে গিয়ে শারীরিক ও মানসিক—দুই দিকেই পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে। চরিত্রটিকে আমি ভালোবেসে ফেলেছি।”

আসিফ ইসলাম পরিচালিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ ছবিটি যাত্রাপালার ক্রমাবনতির গল্প নিয়ে নির্মিত। এতে ‘প্রিন্সেস’ নামের এক নৃত্যশিল্পীকে ঘিরে আবর্তিত হয় কাহিনি, যেখানে দর্শকের চাহিদা ও বিনোদনের পরিবর্তিত রুচির প্রতিফলন তুলে ধরা হয়েছে।

ছবিটি প্রসঙ্গে পরিচালক আসিফ ইসলাম বলেন, “শৈশবে ঢাকার প্রান্তবর্তী একটি দুর্গাপূজার মেলায় প্রথম যাত্রা দেখি। সেই অভিজ্ঞতা আমার মনে গভীর ছাপ ফেলেছিল। পরে বহু বছর পর আবার যাত্রা দেখতে গিয়ে বুঝতে পারি, একসময়কার কাহিনিনির্ভর যাত্রা অনেকটাই বদলে গেছে। সেই পরিবর্তনের অভিজ্ঞতাই এই সিনেমার গল্পে তুলে ধরেছি।”

“এটি বর্তমান যাত্রাশিল্পের ভঙ্গুর বাস্তবতার একটি প্রতিচ্ছবি। ছবির একটি বিশেষ দিক হলো—যাত্রাশিল্পীদের ভূমিকায় অভিনয় করেছেন বাস্তবের যাত্রা শিল্পীরাই।”-যোগ করেন আসিফ।

আগামী ১৬ এপ্রিল শুরু হতে যাওয়া ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগের বাইরে ‘আর্টকোর’ বিভাগে প্রদর্শিত হবে সিনেমাটি। এর আগে আসিফ ইসলামের ‘নির্বাণ’ একই উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড অর্জন করেছিল।

ইতোমধ্যে উৎসবে অংশ নিতে মস্কোর উদ্দেশে রওনা হয়েছেন পরিচালক আসিফ ইসলাম, অভিনেত্রী আশনা হাবিব ভাবনা এবং প্রযোজক জান্নাতুল বাকের খান।

Ads small one

৪ হাজার কোটির ‘রামায়ণ’ কি ফ্লপ হচ্ছে?

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ণ
৪ হাজার কোটির ‘রামায়ণ’ কি ফ্লপ হচ্ছে?

মুক্তির মাত্র আট দিনের মাথায় বিশ্বজুড়ে বক্স অফিসে এক হাজার কোটি রুপির মাইলফলক পেরিয়ে গেছে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম ব্যয়বহুল সিনেমা ‘রামায়ণ: পার্ট ১’। নীতিশ তিওয়ারি পরিচালিত এই ছবিতে রামের চরিত্রে রণবীর কাপুর এবং রাবণের চরিত্রে অভিনয় করেছেন যশ। কিন্তু আকাশচুম্বী বাজেট, দুর্বল চিত্রনাট্য এবং আন্তর্জাতিক বাজারে প্রত্যাশা পূরণ করতে না পারায় ছবিটিকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক, এত আয়ের পরও কি আদতে সফল হলো ‘রামায়ণ’?

বিশাল বাজেটের বড় চ্যালেঞ্জ

এনডিটিভি প্রফিটের প্রতিবেদন অনুযায়ী, দুই পর্বের ‘রামায়ণ’-এর সম্মিলিত বাজেট প্রায় ৪ হাজার কোটি রুপি। প্রথম পর্বের উৎপাদন ব্যয় আনুমানিক ২ হাজার কোটি রুপি ধরা হলে শুধু প্রেক্ষাগৃহ থেকে এই অর্থ তুলে আনতে বিশ্বজুড়ে প্রায় ৫ হাজার কোটি রুপি আয় করতে হবে। ১২ নভেম্বর পর্যন্ত ছবিটি বিশ্বব্যাপী ১ হাজার ৩৩ দশমিক ৫৫ কোটি রুপি আয় করলেও প্রযোজকের হাতে প্রেক্ষাগৃহ থেকে আসা লভ্যাংশের পরিমাণ দাঁড়িয়েছে মাত্র ৪০০ থেকে ৪৫০ কোটি রুপি। স্ট্রিমিং ও স্যাটেলাইট স্বত্ব থেকে আয় যুক্ত হলেও বিশাল এই বাজেটের কারণে ছবিটির চূড়ান্ত মুনাফা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

মুক্তির দিনের হতাশা ও দুর্বল আবেগ

হিন্দুস্তান টাইমসের তথ্যমতে, প্রথম দিনে বিশ্বব্যাপী ১৬০ কোটি রুপি আয়ের পূর্বাভাস থাকলেও ছবিটি আয় করে প্রায় ১২৭ কোটি রুপি। পরবর্তী সময়ে গতি বাড়লেও নির্মাণের মান নিয়ে সমালোচনা কমেনি। এনডিটিভি ইন্ডিয়ার পর্যালোচনায় বলা হয়েছে, ছবিটির প্রোডাকশন ডিজাইন ও মহাকাব্যের কম পরিচিত অধ্যায়গুলোর উপস্থাপনা প্রশংসনীয় হলেও এর চিত্রনাট্য দুর্বল, আবহসংগীত অতিরিক্ত উচ্চশব্দের এবং আবেগের গভীরতার অভাব রয়েছে। রামের চরিত্রে রণবীর কাপুরের মানিয়ে নিতে সময় লাগলেও রাবণ চরিত্রে যশের অভিনয় ছবির অন্যতম শক্তিশালী দিক হিসেবে উঠে এসেছে।

ভিএফএক্স বনাম গল্প ও আন্তর্জাতিক বাজার

নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিওস এবং অস্কারজয়ী ভিএফএক্স প্রতিষ্ঠান ডিএনইজি-র যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটিতে হলিউড মানের ভিজ্যুয়াল ইফেক্টস ব্যবহার করা হয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, কেবল দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল ইফেক্টস দর্শকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে না, যদি গল্পের আবেগ ও নৈতিক দিকটি দুর্বল হয়।

এ ছাড়া ছবিটিকে একটি বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যও পুরোপুরি সফল হয়নি।

দ্য ইকোনমিক টাইমসের মতে, প্রথম ছয় দিনে ভারতে ৪০৩ দশমিক ৯ কোটি রুপি আয় করলেও বিদেশের বাজারে আয় হয়েছে মাত্র ২৬০ কোটি রুপি।

চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক গিরিশ ওয়াংখেড়ে দ্য ইকোনমিক টাইমসকে বলেন, পশ্চিমা দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপনের যে প্রতিশ্রুতি ছবিটি দিয়েছিল, তা প্রত্যাশা পূরণ করতে পারেনি।

আগের নির্মাণের সঙ্গে তুলনা ও চূড়ান্ত হিসাব

রামানন্দ সাগরের জনপ্রিয় টিভি ধারাবাহিক, ১৯৯৩ সালের ইন্দো-জাপানি অ্যানিমেশন ছবি কিংবা ২০২৩ সালে সমালোচিত ‘আদিপুরুষ’ আগের এসব নির্মাণের কারণে দর্শকদের প্রত্যাশার চাপ ছিল অনেক বেশি। সব মিলিয়ে ‘রামায়ণ: পার্ট ১’-কে সরাসরি ফ্লপ বলা না গেলেও বিশাল বিনিয়োগের তুলনায় এর আর্থিক সাফল্য ও বৈশ্বিক প্রভাব এখনও পরীক্ষার মুখে রয়েছে।

উদ্বিগ্ন নন প্রযোজক

বিপুল এই লগ্নির পরও লাভ-ক্ষতি নিয়ে মোটেও উদ্বিগ্ন নন প্রযোজক নমিত মালহোত্রা। সম্প্রতি বিবিসি এশিয়ান নেটওয়ার্কে হারুন রশিদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রথম পর্ব প্রত্যাশিত অঙ্ক তুলতে না পারলেও দ্বিতীয় পর্ব সেই ঘাটতি পুষিয়ে দেবে।

টাওয়ার অব লন্ডন বা তাজমহলের দাম যেমন সংখ্যায় মাপা যায় না, তেমনি ‘রামায়ণ’-কে তিনি ‘জীবনে একবারই আসে এমন সুযোগ’ এবং ‘ঐশ্বরিক হস্তক্ষেপ’ হিসেবে দেখছেন। তার মতে, প্রতিটি ডলার ও সেন্টের হিসাব কষা বেশ ‘অশোভন’।

প্রথম পর্ব লক্ষ্যমাত্রা পূরণ না করলে কী হবে, এমন প্রশ্নে নমিত বলেন, আমরা এখনও চলচ্চিত্র যাত্রার মাঝপথে আছি। সবে প্রথম পর্ব বানিয়েছি। দ্বিতীয় পর্বটি প্রথমটির চেয়েও বড় সিনেমা হতে যাচ্ছে, তাই আমি দুটি সিনেমার শেষেই বাণিজ্যিক ফলাফল বিচার করতে চাই। এটিই বুদ্ধিমানের কাজ, কারণ এই সিনেমাটি যদি ভালোবাসা পায় কিন্তু সব অঙ্ক মেলাতে না পারে, আমরা জানি যে দ্বিতীয় পর্ব এসে সেটি সামলে নেবে।

জেন-জিদের প্লেলিস্টে হুমায়ূন আহমেদের যেসব গান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ণ
জেন-জিদের প্লেলিস্টে হুমায়ূন আহমেদের যেসব গান

শুক্রবার (১৩ নভেম্বর) কিংবদন্তি কথাসাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক হুমায়ূন আহমেদের ৭৯ তম জন্মদিন। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেন তিনি। ২০১২ সালের ১৯ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হুমায়ূন আহমেদ নাটক-সিনেমা নির্মাণের পাশাপাাশি বেশ কিছু গানও লিখেছেন। এই গানগুলো যুগ পেরিয়ে জেন-জিদের প্লেলিস্টেও রয়েছে। এই গানগুলোতে ফেসবুক রিলস, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন প্রজন্মকে ঠোঁট মেলাতে দেখা যায়।

জেনে নেওয়া যাক, হুমায়ূন আহমেদের কোন গানগুলো জেন-জিদের পছন্দের তালিকায়…

১. একটা ছিল সোনার কন্যা

হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমার গান এটি। তার লেখা এই গানে সুর ও সংগীত পরিচালনা করেছেন মাকসুদ জামিল মিন্টু। এতে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি শিল্পী সুবীর নন্দী। পর্দায় এ গানে দেখা গেছে মেহের আফরোজ শাওন, মাহফুজ আহমেদ ও জাহিদ হাসানকে।

২. ও আমার উড়াল পঙ্খিরে

এটি হুমায়ূন আহমেদের ‘চন্দ্রকথা’ সিনেমার গান। তার লেখা এই গানে সুর ও সংগীত পরিচালনা করেছেন মাকসুদ জামিল মিন্টু। এতে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি শিল্পী সুবীর নন্দী। পর্দায় এ গানে দেখা গেছে মেহের আফরোজ শাওন ও ফেরদৌসকে।

৩. চাঁদনী পসরে কে আমায় স্মরণ করে

এটিও হুমায়ূন আহমেদের ‘চন্দ্রকথা’ সিনেমার গান। তার লেখা এই গানে সুর ও সংগীত পরিচালনা করেছেন মাকসুদ জামিল মিন্টু। এতে কণ্ঠ দিয়েছেন সেলিম চৌধুরী। পর্দায় এ গানে দেখা গেছে আসাদুজ্জামান নুর ও মেহের আফরোজ শাওন ও ফেরদৌসকে।

৪. যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়

এই গানটি হুমায়ূন আহমেদের এক অসাধারণ সৃষ্টি। মেহের আফরোজ শাওনের কণ্ঠে এই গানটি চলচ্চিত্রে নয়, পাওয়া গিয়েছিল নাটকে। এই গানের সুর ও সংগীতায়োজন করেছেন এস আই টুটুল।

৫. আমার ভাঙা ঘরে ভাঙা চালা

হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে ব্যবহৃত এই গানটির সুর ও সংগীত মাকসুদ জামিল মিন্টুর। গানটির দুইটি ভার্সন আছে। মূল ছবিতে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন। অ্যালবামে মেহের আফরোজ শাওনের কণ্ঠেও শোনা যায় এই গান। চলচ্চিত্রে গানের সাথে ঠোঁটও মিলিয়েছেন মূল নায়িকা শাওন।

নোয়াখালীর চৌমুহনী সরকারি এস এ কলেজের ছাত্র মো: শাকিব বলেন, ‘হুমায়ূন আহমেদের লেখা গানের কথাগুলো সব সময় নতুন মনে হয়। এটা নির্দিষ্ট কোনও প্রজন্মের জন্য না, আমি মনে করি আগামী প্রজন্মের পছন্দের তালিকাতেও তার লেখা গানগুলো থাকবে।’

প্রেমা নামের টিকটক ব্যবহারকারী একজন বলেন, ‘হুমায়ূন আহমেদের গানগুলোর কথা ও সুর সব সময় মন ছুঁয়ে যায়। এখন নতুন যে গান হচ্ছে সেগুলোর চেয়ে তার গানগুলোর কথা ও সুর অনেক উঁচুমানের বলা চলে। আমি প্রায় সময় তার গান শুনি।’

২২৬ কোটি টাকার ঋণ, আবেগঘন বার্তা অনন্ত জলিলের

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ণ
২২৬ কোটি টাকার ঋণ, আবেগঘন বার্তা অনন্ত জলিলের

গত কয়েকদিন অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিলকে নিয়ে বেশ চর্চা হচ্ছে। ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা ঋণগ্রস্ত হয়ে তিনি দেউলিয়ার পথে বলে অনেকে মন্তব্য করছেন। এর মধ্যে অভিনেতা ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)।

এবার সামাজিক যোগাযোগমাধ্যমে শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন বার্তা দিয়েছেন অনন্ত জলিল।

পোস্টের শুরুতে পবিত্র কোরআনের দুটি বাণী উল্লেখ করে সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

সূরা ফাতিহার ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন’ আয়াতটি তুলে ধরেন অনন্ত। এর অর্থ, `আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি।’ এরপর লেখেন, `হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল।’ অর্থাৎ, `আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী ও কার্যসম্পাদনকারী।’

এরপর তিনি লেখেন, ‘যারা সোশ্যাল মিডিয়াতে আমার জন্য দোয়া করেছেন, অনেকেই ভালো ভালো পোস্ট করেছেন এবং পজেটিভ ভিডিও আপলোড করেছেন তাদের প্রতি রইলো আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা।’

তবে শুধু শুভাকাঙ্ক্ষীদের নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে টিআরপি বা আলোচনায় আসার উদ্দেশ্যে তাকে নিয়ে কাজ করা ব্যক্তিদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে অনন্ত লেখেন, ‘আর যারা টিআরপির জন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করেছেন আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ।’

এসব ব্যক্তির জন্যও আল্লাহর কাছে দোয়া চেয়ে অনন্ত লেখেন, ‘আল্লাহর নিকট আপনাদের জন্য দোয়া করি, যেন আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করেন।’

পোস্টের শেষাংশে ‘আমিন’ লিখে নিজের বক্তব্য শেষ করেন এই অভিনেতা।

সাইমন-মাহি কে কোথায়, প্রেক্ষাগৃহে ‘আনন্দ অশ্রু’সাইমন-মাহি কে কোথায়, প্রেক্ষাগৃহে ‘আনন্দ অশ্রু’
ঢাকায় সিনেমাতে অনন্ত জলিলের অভিষেক ছিল দারুণ চমক। বলা চলে, তার সিনেমা দিয়ে ঢালিউডে ডিজিটাল যাত্রা শুরু হয়েছিল। ২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে দারুণ সাড়া ফেলেন তিনি। এই ছবিতে একই সঙ্গে নায়ক এবং প্রযোজকের ভূমিকায় দেখা যায় তাকে।

এরপর একে ‘হৃদয় ভাঙ্গা ঢেউ’, ‘দ্য স্পিড’ ও ‘মোস্ট ওয়েলকাম’সহ অনেকগুলো বিগ বাজেটের সিনেমা উপহার দেন অনন্ত জলিল।