শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ণ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

আজ ঐতিহাসিক ৭ নভেম্বর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল। দেশ ও জাতি পেয়েছিল নতুন দিশা।

১৯৭৫ সালের এ দিনে জেনারেল জিয়াউর রহমান দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। এরপর সেনাবাহিনীর ভেতর ও বাইরে অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের মধ্যেও জিয়াউর রহমান দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে যান।

ইতিহাস পর্যালোচনা করে জানা যায়, ১৯৭৫ সালের ১৫ আগস্টে তৎকালীন সরকারপ্রধান শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড এবং ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার ঘটনার ধারাবাহিকতায় সেনাবাহিনীর তৎকালীন উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ তার অনুসারী সেনা সদস্যদের নিয়ে এক অভ্যুত্থানের মাধ্যমে সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে ঢাকা ক্যান্টনমেন্টে বন্দি করেন। নিজেকে সেনাপ্রধান হিসেবে ঘোষণা দিয়ে ৬ নভেম্বর বঙ্গভবনে গিয়ে তৎকালীন প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আহমেদকে গ্রেফতার করে মন্ত্রিসভা বাতিল ও জাতীয় সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন খালেদ। প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে দেশের প্রেসিডেন্টের পদে বসান। ওই রাতেই সেনাবাহিনীর সাধারণ সিপাহিরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলেন।

সেই অভ্যুত্থানে স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়ে সর্বস্তরের জনতা রাজপথে নেমে আসে। সিপাহি-জনতার মিলিত সেই বিপ্লবে বন্দি অবস্থায় থেকে মুক্ত হন জিয়াউর রহমান। পাল্টা অভ্যুত্থান ঠেকাতে গিয়ে ৭ নভেম্বর সকালে কয়েকজন অনুসারীসহ প্রাণ হারান খালেদ মোশাররফ। অভূতপূর্ব এক সংহতির নজির সৃষ্টি হয় দেশের রাজনীতিতে। জিয়াউর রহমান চলে আসেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে।

বিএনপির কর্মসূচি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন দল বিএনপি। প্রথম দিন শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দলের কেন্দ্রীয় নেতারা।

এরপর নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী।

শোভাযাত্রাটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের কাছে গিয়ে ডান দিকে মোড় নেবে। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

 

 

Ads small one

শ্যামনগরে যুবলীগের মশাল মিছিলের ভিডিও প্রকাশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:৩১ পূর্বাহ্ণ
শ্যামনগরে যুবলীগের মশাল মিছিলের ভিডিও প্রকাশ

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ব্যানারে মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের রাহাতুল্লার মোড় থেকে মিছিলটি বের হয়ে স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বলে জানা গেছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে যুবলীগের নেতাকর্মীরা ফেসবুকে মিছিলের ভিডিও পোস্ট করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী সাংবাদিকদের বলেন, তিনি ছুটিতে রয়েছেন। বিষয়টি শুনেছেন। অনেক সময় পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়। মিছিলটি সাম্প্রতিক সময়ে হয়ে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরায় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:২৫ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার বাজারে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৮ থেকে ১০ টাকা কমেছে। সরবরাহ বাড়ায় পাইকারি ও খুচরা—উভয় পর্যায়ে দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও আড়তদাররা।

সুলতানপুর বড় বাজারে গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ খুচরা বিক্রি হয়েছে ৪০ টাকায়। এক সপ্তাহ আগে এ দাম ছিল ৪৮ থেকে ৫০ টাকা। বাজারের পাইকারি মসলা বিক্রির আড়ত মেসার্স মামা-ভাগ্না ভাণ্ডারে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হয়েছে ১ হাজার ৪০০ টাকায়। এক সপ্তাহ আগে দাম ছিল ১ হাজার ৮০০ টাকা।

বিক্রেতারা জানান, বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়ায় পাইকারি পর্যায়ে দাম কমেছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক ইকবাল আহমেদ জানান, চলতি মৌসুমে জেলায় ৬৫০ হেক্টর জমিতে ৭ হাজার ৮০০ টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে।

দেবহাটায় যুব ঐক্য পরিষদের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:০৭ পূর্বাহ্ণ
দেবহাটায় যুব ঐক্য পরিষদের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার পারুলিয়া সাগরহাট মাধ্যমিক বিদ্যালয় (সাইক্লোন সেন্টার) প্রাঙ্গণে এ সমাবেশ হয়।

সমাবেশে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে দীপংকর ঘোষকে আহ্বায়ক ও বাপ্পা দাসকে সদস্যসচিব করে ২১ সদস্যের উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ দেবহাটা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক অমিত কুমার ঘোষ। উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দেবহাটা উপজেলা শাখার সভাপতি চন্দ্রকান্ত মল্লিক। প্রধান বক্তা ছিলেন যুব ঐক্য পরিষদের জেলা শাখার সদস্যসচিব অরবিন্দ কর্মকার।

এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অজয় কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার ঘোষ, বিপ্লব কান্তি মণ্ডল, গোপাল কুমার সরকার, গাজীরহাট দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক অলোক সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সমাবেশে বক্তারা বলেন, সাতক্ষীরা হবে সম্প্রীতি, শান্তি, ন্যায়বিচার ও সহাবস্থানের জনপদ। চাঁদাবাজি, ভূমিদখল, সন্ত্রাস, বৈষম্য ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।

প্রধান অতিথি অমিত কুমার ঘোষ বলেন, যুব ঐক্য পরিষদ বিভেদ বা বিদ্বেষে বিশ্বাস করে না; সংগঠনটি ন্যায়, মানবিকতা, অধিকার ও সম্প্রীতির পক্ষে কাজ করে। সব ধর্মের মানুষের নিরাপত্তা, ধর্মীয় অধিকার, সম্পদ ও সামাজিক মর্যাদা রক্ষায় সংগঠনটি সোচ্চার থাকবে। অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি ও ভূমিদখলের বিরুদ্ধে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও আইনসম্মতভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

নবগঠিত কমিটির নেতারা জানান, দেবহাটায় যুবসমাজকে সংগঠিত করে সামাজিক উন্নয়ন, মানবিক কর্মকাণ্ড, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করবেন তারা।