জেলা পরিষদের প্রশাসক পদে হাবিবের নিয়োগে তালায় আনন্দমিছিল ও অভিনন্দন
তালা প্রতিনিধি: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবকে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়।
এই খবর ছড়িয়ে পড়ার পর তালা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। দলটির নেতা-কর্মীরা এই সিদ্ধান্তের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
হাবিবুল ইসলাম হাবিবকে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহসভাপতি গোলাম মোস্তফা, যুবদলের আহ্বায়ক মীর্জা আতিয়ার রহমান, ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এ ছাড়া তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার ও সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই নিয়োগকে স্বাগত জানিয়েছেন। নিয়োগের পরপরই উপজেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ প্রকাশ করা হয়।









