রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ
তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা

তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা দিয়েছে তালা মহিলা কলেজ কর্তৃপক্ষ। একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

রোববার (২২ নভেম্বর) দুপুরে কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ সভাপতি এস কে কামরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।

প্রভাষক গাজী আছাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আব্দুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, সাসের পরিচালক শেখ ইমান আলী, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, অধ্যাপক নিলুফার বানু ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন।

এ ছাড়া উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফা ও জিল্লুর রহমান, যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম বিশ্বাস, সহসভাপতি রেজাউল ইসলাম রেজা, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার ও সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে কলেজের প্রধান ফটকে ফুল ছিটিয়ে ও ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথিকে শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

হাবিবুল ইসলাম হাবিব বলেন, তালা মহিলা কলেজের শিক্ষার পরিবেশ ও ফলাফল দেখে তিনি মুগ্ধ হয়েছেন। এ জন্য শিক্ষক ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া এবং ভবিষ্যতে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। কলেজের উন্নয়নে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে শিক্ষার্থীদেরও এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলা পরিষদের তত্ত্বাবধানে ওই কর্মসূচির অংশ হিসেবে তালা মহিলা কলেজের ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি।

Ads small one

পাইকগাছায় ২০ হাজার টাকার জাল নোটসহ দুই নারী আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
পাইকগাছায় ২০ হাজার টাকার জাল নোটসহ দুই নারী আটক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ২০টি এক হাজার টাকার জাল নোটসহ নুরজাহান ও আসমা নামে দুই নারীকে আটক করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার লস্কর ইউনিয়নের স্মরণখালী এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানায়, ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে দুই নারী উপজেলার কাটাখালীর দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার আতিকুর রহমান ও এসআই আব্দুল আজিজের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় নুরজাহানকে আটক করে নারী পুলিশ সদস্যের মাধ্যমে তল্লাশি করা হলে এক হাজার টাকা মূল্যমানের ২০টি জাল নোট উদ্ধার হয়। পরে তাঁর সহযোগী আসমাকেও আটক করা হয়।

পুলিশ আরও জানায়, আটক দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার বান্দিকাটি এলাকায় তাঁদের ভাড়া বাসায় তল্লাশি চালানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত পাইকগাছা থানার শেখ আওয়াল কবির

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ
খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত পাইকগাছা থানার শেখ আওয়াল কবির

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন পাইকগাছা থানার ওসি শেখ আওয়াল কবির। এ উপলক্ষে তাঁকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে অক্টোবর মাসের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র (পিপিএম-সেবা)। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার মো. আমির হামজা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শেখ আলমগীর হোসেন ও মো. বাবুল হোসাইন হাওলাদারসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলার শ্রেষ্ঠ ওসি, মাদক উদ্ধারকারী এসআই ও এএসআই, ওয়ারেন্ট তামিলকারী এসআই ও এএসআই এবং সর্বোচ্চ মামলা রুজুকারী সার্জেন্টকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার অপরাধ, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

তালায় মোবারকপুর রাধাকৃষ্ণ মন্দিরে মাসব্যাপী দামোদর ব্রতের সমাপনী

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ
তালায় মোবারকপুর রাধাকৃষ্ণ মন্দিরে মাসব্যাপী দামোদর ব্রতের সমাপনী

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার ব্রিজ মোড়ের মোবারকপুর রাধাকৃষ্ণ মন্দিরে মাসব্যাপী দামোদর ব্রত (কার্তিক ব্রত) উপলক্ষে সমাপনী অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) মন্দির কমিটির সাধারণ সম্পাদক হৃদয় সাধুর সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা করেন কেশবপুরের বালিয়াডাঙ্গা গ্রামের শ্রী অনন্ত প্রভু ও সাতক্ষীরা থেকে আগত শ্রী দ্বিবাকর ভট্টাচার্য।

অনুষ্ঠানে আকস্মিকভাবে উপস্থিত হন তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক এস এম নজরুল ইসলাম। তিনি ভক্তদের উদ্দেশে বক্তব্য দেন এবং সবার আশীর্বাদ কামনা করেন।

এ সময় মন্দিরের ক্যাশিয়ার তুলশি সাধুসহ জগন্নাথ সাধু, বরুণ সাধু, বাপন সাধু, নারায়ণ সাধু, স্বপন সাধু, অরবিন্দ সাধু, কার্তিক সাধু ও অপূর্ব সাধু উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, মাসব্যাপী ব্রত উপলক্ষে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মন্দিরে ভাগবত আলোচনা ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সমাপনী দিনে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভাগবত আলোচনা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় হাজারো ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।