তালায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
খলিষখালি (তালা) প্রতিনিধি: তালায় ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাহাত খানের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষ বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি আইনগত সহায়তা একটি যুগান্তকারী পদক্ষেপ। তৃণমূল পর্যায়ে এই সেবার প্রচার বাড়াতে পারলে সাধারণ মানুষের মামলার ভোগান্তি ও খরচ অনেকাংশে কমে আসবে।
উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর ইমান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়াত আলী এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা রাসেল রানা, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. আকবর হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা। বক্তারা আইনি সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল করতে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।









