তালায় জেলা পরিষদের সম্পত্তি পরিদর্শনে প্রশাসক হাবিবুল ইসলাম
নিজস্ব প্রতিনিধি: জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব তালা সদর ডাকবাংলো এবং জেলা পরিষদ মার্কেটসহ জেলা পরিষদের বিভিন্ন সম্পত্তি পরিদর্শন করেছেন। রোববার বিকেলে পরিদর্শনকালে জেলা পরিষদের প্রশাসক সদর ডাকবাংলো, জেলা পরিষদ মার্কেট এবং জেলা পরিষদের আওতাধীন বিভিন্ন স্থাপনা ও সম্পদের বর্তমান অবস্থা, ব্যবস্থাপনা, আয়-ব্যয়ের হিসাব, দখল পরিস্থিতি, রক্ষণাবেক্ষণ কার্যক্রম এবং উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন সম্পত্তির হালনাগাদ তথ্য সংগ্রহ করেন এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক স. ম ইয়াছিন উল্লাহ, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, জেলা পরিষদ প্রশাসকের সহোদর আব্দুস সালাম মধু, তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, ছাত্রনেতা মেহেদী হাসান সাগর ও তালা সদর ডাকবাংলোর তত্ত্বাবধায়ক মো. আবু জাফরসহ স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব বলেন, জেলা পরিষদের সম্পত্তি জনগণের সম্পদ। এসব সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে জনগণের কল্যাণে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। কোথাও কোনো অনিয়ম, অব্যবস্থাপনা বা অবৈধ দখলদারিত্ব থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিদর্শনকালে তিনি জেলা পরিষদ মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়ে শোনেন। পাশাপাশি ডাকবাংলো ও অন্যান্য স্থাপনার প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।











