বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

তালায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ক্যাম্পেইন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
তালায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ক্যাম্পেইন

 

‎তালা প্রতিনিধি: ‎তালায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক বৈষম্য বিলোপ এবং সমাজে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় ক্যাম্পেইন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) নেটজ বাংলাদেশের ও বিএমজেড এর সহযোগিতায় এবং রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) – হোপ প্রকল্পের উদ্যোগে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
‎উপজেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। তালা উপজেলা সিএসও সভাপতি শাহনাজ পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার শেখ মাহমুদুল হক, তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেখ শফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়ারদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস, উপজেলা নাগরিক কমিটির সভাপতি এমএ হাকিম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, অধ্যাপক রেজাউল ইসলাম, সাংবাদিক মো. আকবর হোসেন, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অফিসের প্রশিক্ষক আলেয়া খাতুন, এরিয়া সমন্বয়কারী তাহেরা সিদ্দিকা প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য ও প্রকল্পের কার্যক্রমের উপস্থাপন করেন রিইব- হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খালিদ হাসান। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। এ সময় সচেতনতামূলক নাটক প্রদর্শন, সিগনেচার ক্যাম্পেইন, পোস্টার ও লিফলেট বিতরণ এবং মানবাধিকার বিষয়ক স্টল প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
‎ক্যাম্পেইনের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জেন্ডার সমতা, মানবাধিকার এবং নারী ও কিশোরদের সামাজিক অংশগ্রহণ বিষয়ে সমাজের সকল শ্রেনী বিশেষত তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচিতে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। যার মধ্যে কর্মএলাকার ৬টি বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক, ৬টি ইউনিয়ন ও উপজেলার সিএসও প্রতিনিধি, উপজেলায় কর্মরত বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Ads small one

ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৭ অপরাহ্ণ
ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগামী সপ্তাহে ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, যে প্রক্রিয়ায় আমন্ত্রণ জানানো হয়েছে তাতে সন্তুষ্ট নয় ঢাকা। তবে ভারতে সরকারপ্রধানের দ্বিপাক্ষিক সফর হতে পারে বলে জানিয়েছেন হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

হুমায়ুন কবির ব‌লেন, ‘‘কীভাবে যাবে? বাংলাদেশ সরকারের কাউকে কি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে? প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি।’’

দি‌ল্লি সফরের ক্ষে‌ত্রে বাংলা‌দেশের বহুপক্ষীয় ফোরা‌মে অংশগ্রহ‌ণের চাইতে দ্বিপাক্ষিক সফরে জোর দেওয়া হ‌চ্ছে জা‌নি‌য়ে প্রতিমন্ত্রী ব‌লেন, ‘‘আমরা দ্বিপাক্ষিক সফর ও আলোচনার ওপরই বেশি জোর দিচ্ছি। যখন পরিবেশ অনুকূল হবে এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকবে, তখন দ্বিপাক্ষিক সফর হবে। এখানে তাড়াহুড়ো করার কিছু নেই।’’

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান‌কে অংশগ্রহ‌ণের জন‌্য ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দি আমন্ত্রণ জা‌নি‌য়ে‌ছি‌লেন। ত‌বে ওই আমন্ত্রণপ‌ত্রে তা‌রেক রহমান‌কে প্রধানমন্ত্রী উল্লেখ না ক‌রে শুধুমাত্র বিমস‌টে‌কের চেয়ার হি‌সে‌বে আমন্ত্রণ জানা‌নো হয়, যা ভা‌লোভা‌বে নেয়‌নি ঢাকা।

গঙ্গা পানিচুক্তি নবায়ন নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে প্রতিমন্ত্রী ব‌লেন, ‘‘আমাদের জাতীয় স্বার্থ যেখানেই জড়িত, সেখানেই আমরা গুরুত্ব ও দক্ষতার সঙ্গে কাজ করবো। আনন্দবাজার পত্রিকা যাই বলুক না কেন, আমি আমার দেশের স্বার্থ ও আনন্দের কথা ভাববো।’’

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে ৬০ শিক্ষার্থী পেল গাছ ও শিক্ষা সামগ্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৪ অপরাহ্ণ
সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে ৬০ শিক্ষার্থী পেল গাছ ও শিক্ষা সামগ্রী
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ৬০ জন শিক্ষার্থীর মধ্যে গাছের চারা ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। পরিবেশের প্রতি শিশুদের সচেতনতা তৈরি এবং গাছের পরিচর্যায় তাদের সম্পৃক্ত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে ও প্রকৃতি ও জীবন ক্লাবের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ। অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, প্রকৃতি ও জীবন ক্লাবের সাতক্ষীরা শাখার সভাপতি অ্যাডভোকেট মুনির উদ্দীন, সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী ও সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক আহসানুর রহমান রাজীব।
প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী বলেন, ৬০ শিক্ষার্থীকে গাছের চারা, খাতা ও কলম দেওয়ায় আমরা আনন্দিত। বর্তমান আবহাওয়ার পরিবর্তনের প্রেক্ষাপটে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমে তা বাঁচিয়ে রাখতে হবে। শিক্ষার্থীরা যাতে গাছগুলোর যত্ন নেয়, সে বিষয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে তদারকি করা হবে।
চারা পেয়ে শিক্ষার্থী মেহেজাবিন বলেন, গাছ পেয়ে আমার খুব ভালো লাগছে। আমি নিয়মিত পানি দেব এবং গাছটি যাতে নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখব।
আরেক শিক্ষার্থী রাফি হাসান বলেন, নিজের হাতে গাছ পেয়ে খুব আনন্দ লাগছে। গাছটি যত্ন করে বড় করব এবং নিয়মিত পানি দেব।
কর্মসূচিতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সদস্য আসাদুজ্জামান সরদার (বাংলা ট্রিবিউন), আলী মুক্তাদা হৃদয় (হৃদয় বার্তা), রিজাউল করিম (দ্য এডিটরস), ইব্রাহিম খলিল (ঢাকা পোস্ট), মৃত্যুঞ্জয় রায় অপূর্ব (বার্তা২৪), হাবিবুল হাসান, মেহেদী হাসান শিমুল এবং ভিবিডি সাতক্ষীরার সভাপতি সাজেদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা বলেন, শিশুদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি এবং গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তোলাই এ কর্মসূচির উদ্দেশ্য। শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেওয়ার মাধ্যমে তাদের পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করা এবং সবুজ পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হয়েছে।

বাংলাদেশ দল থেকে দুই প্রবাসীসহ ৭ জন বাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৬ অপরাহ্ণ
বাংলাদেশ দল থেকে দুই প্রবাসীসহ ৭ জন বাদ

ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে জাতীয় দলের অনুশীলন চলছে। এতে স্থানীয় খেলোয়াড় ছাড়াও বংশোদ্ভূতরাও রয়েছেন। কোচ টমাস ডুলি তাদেরকে নানানভাবে পরখ করছেন। আপাতত তার প্রাথমিক দল থেকে ৭ জন খেলোয়াড় বাদ পড়েছেন।

জাতীয় দলের ক্যাম্প থেকে বাদ পড়াদের মধ্যে রয়েছেন দুই প্রবাসী ইয়াসার ও দেবজিতসহ কাজেম শাহ, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, রাহুল ও স্বাধীন।

জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রথম আসিয়ান কাপে বাংলাদেশের খেলার সূচি প্রকাশ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ‘বি’ গ্রুপে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান।

প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় দুপুর ৩টায় ম্যাচটি শুরু হবে। খেলা হবে গেলোরা বান কার্নো স্টেডিয়ামে। দুই দিন পর ২৮ সেপ্টেম্বর বাংলাদেশের ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। একই মাঠে একই সময়ে ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ ইন্দোনেশিয়ার বিপক্ষে। ১ অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। খেলা হবে গেলোরা বান কার্নো স্টেডিয়ামে।