তালার বাগডাঙ্গায় প্রায় এক কিলোমিটার রাস্তা চলাচলের অনুপোযোগী
খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: সাতক্ষীরা তালার খলিষখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাগডাঙ্গা গ্রামের মধ্যে প্রায় ১ কিলোমিটার রাস্তা চলাচলের জন্য অনুপোযোগী হয়ে পড়েছে।
বিশেষ করে প্রতি বছর বর্ষার মৌসুমে এই চিত্র দেখা যায়। ঐ গ্রামের ঠাকুর দাশ রায় জানান, বর্ষা মৌসুমে প্রতি বছর এই রাস্তায় কাদা হয়ে থাকে। তিনি আরো বলেন, আমার একটা প্রতিবন্ধি সন্তান রয়েছে। তাকে বাড়ি থেকে বের করতে পারি না। সারাদিন বাড়িতে সময় কাটে তার। যদি কেউ অসুস্থ হয় তাহলে তাকে বাড়ি থেকে ডাক্তার বাড়ি নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।
ঐ গ্রামের পঙ্কজ রায় জানান, এই রাস্তাটি বহু পুরানো। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত নারী পুরুষ চলাচল করে থাকে। কোন প্রয়োজনে বাড়ি থেকে বের হতে গেলে হাটু কাদা ভেঙ্গে বের হতে হয়। তাই রাস্তাটি জরুরি সংষ্কার করার দাবি জানাচ্ছি।
বাগডাসা গ্রামের দীপ্ত রায় জানান, আমরা এই রাস্তাটির কারনে খুব অসহায় হয়ে পড়েছি। বর্ষার মৌসুমে আমরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে থাকি। তিনি আরো জানান, আমাদের ব্রিজের এই পারে ২/৩ শত পরিবার বসাবস করে থাকি। কিন্তু বর্ষা মৌসুমে আমরা বাড়ি থেকে বের হতে পারি না। তাই জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সদয় দৃষ্টি আকর্ষণ করছে বাগডাঙ্গা গ্রামের সাধারণ মানুষ।












