তেল পাচার ও অবৈধ মজুত রোধে সীমান্তে বিজিবির বিশেষ সতর্কতা
উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুত, পাচার রোধ এবং আসন্ন পহেলা বৈশাখ ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্তে বিশেষ নিরাপত্তা কার্যক্রম শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার বিকেলে বিজিবি ১৭ ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজিবি যশোর রিজিয়নের আওতাধীন ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ১১৬টি বিওপির মাধ্যমে প্রতিদিন ৪৬৪টি টহল পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে বেনাপোল, ভোমরা ও দর্শনা স্থলবন্দরে গত ২৪ ঘণ্টায় ৩৩টি বিশেষ তল্লাশি চালানো হয়েছে। এছাড়া সীমান্ত এলাকার ২২টি তেল পাম্পে নিয়মিত নজরদারি ও শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব জানান, জ্বালানি ও ভোজ্যতেল পাচার রোধে এ পর্যন্ত ৮৯৯টি বিশেষ চেকপোস্ট এবং ২ হাজার ৩২৫টি টহল পরিচালনা করা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে চালানো ৩১টি টাস্কফোর্স অভিযানে অবৈধ মজুত উদ্ধারের পাশাপাশি একজনকে কারাদ- ও জরিমানা করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত দিয়ে গবাদি পশু চোরাচালান রোধে কঠোর অবস্থান নিয়েছে বিজিবি। এ লক্ষ্যে সীমান্তবর্তী এলাকায় ৮৬৮টি জনসচেতনতামূলক সভা করা হয়েছে।
বিজিবির দেওয়া তথ্যমতে, ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত যশোর রিজিয়ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮৮ জন আসামিসহ প্রায় ৫৮ কোটি ৯৩ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এর মধ্যে ১ কেজি ২৮৯ গ্রাম সোনা, ১৫৫ গ্রাম হীরা ও ৪২টি বিভিন্ন প্রকার অস্ত্র রয়েছে। পাশাপাশি ২২ কোটি ১৩ লাখ টাকার মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। এর আগে ২০২৫ সালে ৩৭৭ কোটি ৪৬ লাখ টাকার চোরাচালানি পণ্য এবং ১৯ কোটি ৫২ লাখ টাকার মাদক জব্দ করেছিল বিজিবি।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব বলেন, “বিজিবি সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে কাজ করছে। তেল পাচার ও চোরাচালান রোধে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় প্রশাসন, সংবাদকর্মী ও সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।”









