নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। জানা যায়, রবিবার (২৬ এপ্রিল) দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে তার পরিবার। এসময় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ও পারফরম্যান্স বিভাগের শিক্ষক আশিক রেহমান লিওন। মিমো একই বিভাগের মাস্টার্স ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ছিলেন।
ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও এক শিক্ষার্থীকে হেফাজতে নেওয়া হয়েছে।
জানা যায়, মৃত্যুর আগে ডায়েরি ও হোয়াটসঅ্যাপে সুইসাইড নোট লিখে গিয়েছিলেন মিমো। সেখানে তার সহপাঠী উম্মে হানিকে উদ্দেশ করে লেখা ছিল- “তুই আর সুদীপ স্যার ভালো থাকিস।”
এদিকে মিমোর সুইসাইডের খবর পেয়ে বিভাগের শিক্ষকরা ছুটে যান তার বাসায়। সেখানে গিয়ে তাকে বিছানায় শায়িত অবস্থায় দেখতে পান বলে জানিয়েছেন শিক্ষক আশিক রহমান লিওন। তিনি বলেন, “সকাল সাড়ে আটটা নাগাদ আমরা যখন জানতে পারি। তখনই ছুটে যাই তার বাসায়। গিয়ে দেখি তাকে বিছানায় শুইয়ে রাখা হয়েছে। তার বাবা জানান, কখনও দরজা বন্ধ করে ঘুমাতো না মিমো। সেদিনই দরজা বন্ধ করে ঘুমিয়েছিল। সকালে অনেকবার ডেকেও না খোলায় দরজা ভেঙে এই অবস্থায় দেখতে পান তার পরিবার।
ডিএমপির গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল জানিয়েছেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।












