পচা আলু পাঠাল দুই ব্যবসায়ী: সাতক্ষীরায় লোকসানের মুখে আড়তদার
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার সুলতানপুর বড়বাজারের এক কাঁচামাল ব্যবসায়ীর কাছে পচা আলু পাঠিয়ে প্রায় ৪৫ হাজার টাকার আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। শুধু তা-ই নয়, ক্ষতির টাকা দাবি করায় উল্টো হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় প্রতিকার ও ক্ষতিপূরণ দাবি করে ভুক্তভোগী ব্যবসায়ী জবেদ আলী (৫৯) আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সুলতানপুর ঝিলপাড়ার বাসিন্দা ও ‘মেসার্স আল্লাহর দান ভা-ার’-এর স্বত্বাধিকারী মো. জবেদ আলী দীর্ঘদিন ধরে বড়বাজারে কাঁচামালের ব্যবসা করে আসছেন। পূর্বপরিচয়ের সূত্রে বগুড়ার কাঁচামাল ব্যবসায়ী মো. জাকির হোসেন (৩০) ও তাঁর সহযোগী বর্তমানে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডে অবস্থানরত মো. শফিকুল ইসলামের (২৬) কাছ থেকে তিনি মালামাল ক্রয় করতেন।
গত ২২ মে জাকির হোসেন ট্রাকযোগে ৩০৯ বস্তা আলু সুলতানপুর বড়বাজারে পাঠান। কিন্তু ট্রাক পৌঁছানোর পর আলু পচা দেখে তা গ্রহণে অস্বীকৃতি জানান আড়তের ব্যবস্থাপক। মালামাল ফেরত পাঠাতে চাইলে মূল অভিযুক্ত জাকির হোসেন মুঠোফোনে আশ্বাস দিয়ে আলু নামিয়ে রাখার অনুরোধ জানান এবং যেটুকু বিক্রি সম্ভব তা রেখে বাকি ক্ষতির টাকা সমন্বয়ের প্রতিশ্রুতি দেন।
তাঁর এই আশ্বাসের ভিত্তিতে আলু নামানো হলেও ৩০৯ বস্তার মধ্যে মাত্র ১০২ বস্তা আলু ৩৫ হাজার ৬৮৯ টাকায় বিক্রি করা সম্ভব হয়। বাকি ২০৭ বস্তা আলু সম্পূর্ণ পচে যাওয়ায় তা ফেলে দিতে হয়। পরিবহন, শ্রমিক ও আনুষঙ্গিক খরচসহ ওই চালানে মোট ব্যয় হয়েছিল ৮০ হাজার ৭ ৯০ টাকা। এতে ব্যবসায়ী জবেদ আলীর নিট ক্ষতি হয় ৪৫ হাজার ১০১ টাকা।
ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগ, পরবর্তীতে অভিযুক্ত শফিকুল ইসলাম সরেজমিনে আড়তে এসে পচা আলু দেখে নিজ মুঠোফোনে ভিডিও ধারণ করেন এবং ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেন। তবে পরে ওই ক্ষতির টাকা ফেরত চাইলে উভয় অভিযুক্ত ক্ষিপ্ত হন এবং টাকা না দিয়ে উল্টো ব্যবসায়ীকে নানা ধরনের হুমকি-ধমকি দেওয়া শুরু করেন।
এ ঘটনা প্রত্যক্ষ করেছেন বাজারের একাধিক ব্যবসায়ী। বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং আর্থিক ক্ষতিপূরণ আদায়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।











