পরকীয়ার অভিযোগে ইমাম আটক, মাদ্রাসার চাকরিচ্যুতির দাবিতে মানববন্ধন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় পরস্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক মসজিদের ইমাম ও মাদ্রাসার কর্মচারীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তকে মাদ্রাসা থেকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী।
রোববার দুপুরে উপজেলার শান্তা বাজারে ‘শিবসা সামাজিক যুব উন্নয়ন সংগঠন’-এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে তাজমুল শেখ, শরিফুল শেখ, লোকমান গাজীসহ স্থানীয় বাসিন্দারা বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত মাওলানা মোস্তাকুল মোড়ল (৩০) আলমশাহী মসজিদের ইমাম ও শান্তা আলহাজ্ব নুরুল হক দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী। একজন ধর্মীয় শিক্ষক হওয়া সত্ত্বেও তিনি শান্তা গ্রামের এক আনসার সদস্যের স্ত্রীর সঙ্গে দীর্ঘ চার বছর ধরে পরকীয়া সম্পর্ক চালিয়ে আসছিলেন। বক্তারা তাঁকে মাদ্রাসা থেকে স্থায়ীভাবে বরখাস্তের দাবি জানান, অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১জুন রাতে আপত্তিকর অবস্থায় মোস্তাকুল ও ওই নারীকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। জিজ্ঞাসাবাদে তাঁরা সম্পর্কের কথা স্বীকার করেন। পরদিন শুক্রবার সকালে পুলিশ তাঁদের পরিবারের জিম্মায় ছেড়ে দিলে ওই নারী তাঁর স্বামীকে তালাক দেন।
শান্তা আলহাজ্ব নুরুল হক দাখিল মাদ্রাসার অধ্যক্ষ কামরুল ইসলাম জানান, অভিযুক্ত মোস্তাকুল মোড়লকে ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে বিধি মোতাবেক চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগ করা হলে অভিযুক্ত মাওলানা মোস্তাকুল মোড়ল জানান, তাঁরা বর্তমানে এলাকার বাইরে রয়েছেন এবং গত ১৩ জুন নোটারি পাবলিকের মাধ্যমে আইনগতভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।









