পাইকগাছায় রান্না করা গরুর মাংসের রং সবুজ: এলাকায় চাঞ্চল্য
কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় কড়াইতে রান্না করার সময় গরুর মাংসের রং পরিবর্তন হয়ে সবুজ হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার দুপুরে পাইকগাছা পৌরসভার মডার্ণ বেকারির কর্মচারীরা পিকনিকের জন্য কেনা মাংস রান্না করতে গিয়ে এই বিপাকে পড়েন।
জানা যায়, বেকারির ২৫ জন কর্মচারী পিকনিকের জন্য সকাল ১০টার দিকে স্থানীয় বাজারের মাংস বিক্রেতা ইসমাইলের দোকান থেকে ৪ কেজি ফ্রিজে সংরক্ষিত মাংস কেনেন। কড়াইতে মাংস চড়িয়ে রান্নার মাঝামাঝি সময়ে হঠাৎ দেখা যায় লালচে মাংসের রং বদলে সবুজ হয়ে গেছে। বিষাক্ত কেমিক্যালের আশঙ্কায় কর্মচারীরা রান্না করা কড়াইটি নিয়েই প্রথমে বিক্রেতার কাছে এবং পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় হাজির হন।
তবে মাংসে ক্ষতিকর কোনো রাসায়নিক উপাদান মেশানো হয়েছিল কি না, তা পরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া যায়নি। মাংস বিক্রেতা ইসমাইল দাবি করেছেন, তিনি ভালো ও কেমিক্যালমুক্ত মাংসই বিক্রি করেছিলেন।





