পাইকগাছায় স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি আটক
কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় পৃথক দুটি অভিযানে ৩০০ পিস ইয়াবা ও ৬০০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাদের পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়।
বুধবার সকাল আটটার দিকে উপজেলার চর গজালিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, ওই এলাকার সফিকুল ইসলামের (৪০) বাড়িতে অভিযান চালিয়ে আলমারির গোপন কুঠুরি থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ তাকে আটক করা হয়।
এর আগে সকাল সাতটার দিকে একই এলাকার মাসুম বিল্লাহর (৩৯) বাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ মাসুম ও তার স্ত্রী হালিমা বেগমকে (২৯) আটক করা হয়।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) জুলফিকার আলী জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।









