পাটকেলঘাটায় হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী মাদুর শিল্প
প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা
এমএম জামান মনি, পাটকেলঘাটা: তালা উপজেলার পাটকেলঘাটার ঐতিহ্যবাহী মাদুর শিল্প এখন বিলুপ্তির পথে। একসময় এ অঞ্চলের বহু পরিবারের জীবিকা ও অর্থনীতির অন্যতম অবলম্বন ছিল মাদুর তৈরি। কিন্তু কাঁচামালের সংকট, উৎপাদন খরচ বৃদ্ধি, প্লাস্টিকের তৈরি পণ্যের সঙ্গে প্রতিযোগিতা এবং সরকারি সহায়তার অভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সম্ভাবনাময় এ শিল্প।
একসময় পাটকেলঘাটার হাটবাজারে মাদুরের ব্যাপক চাহিদা ছিল। তালা উপজেলার খলিষখালী, দলুয়া, গাছা, মাগুরা, গোয়ালপাতা ও খেরসা ইউনিয়নের বহু পরিবার মাদুর তৈরির মাধ্যমে জীবিকা নির্বাহ করত। পরিবারের নারী-পুরুষ সবাই এ কাজে যুক্ত ছিলেন। কেউ নিজের জমিতে মাদুর তৈরির কাঁচামাল মেলে চাষ করতেন, আবার কেউ জমি ইজারা নিয়ে এ ফসল উৎপাদন করতেন।
স্থানীয় কারিগররা জানান, বর্তমানে মেলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। অথচ উৎপাদিত মাদুরের দাম সে তুলনায় বাড়েনি। একসময় প্রতিদিন তিন থেকে চারটি মাদুর তৈরি করে প্রতিটি ৩৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি করা যেত। বর্তমানে প্রতিটি মাদুর বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৪০০ টাকায়। কাঁচামাল ও শ্রমের খরচ বাদ দিয়ে সামান্য অর্থ অবশিষ্ট থাকে। ফলে অনেক কারিগর এ পেশা ছেড়ে অন্য পেশায় যুক্ত হচ্ছেন।
মাদুরা গ্রামের তারাজান বিবি জানান, মেলে সংগ্রহের পর তা চিরে রোদে শুকানো হয়। পরে মাদুর তৈরির উপযোগী করে সংরক্ষণ করা হয়। এ কাজে যথেষ্ট সময় ও শ্রম দিতে হয়।
মাদুর শিল্পী গাছা গ্রামের পরিতোষ সরকার, বাগডাঙ্গা গ্রামের নারায়ণ ম-ল, মাদরা গ্রামের শ্যামল সরকার ও কলাগাছি গ্রামের স্বপন সরকার জানান, একসময় অধিকাংশ বাড়িতেই মাদুর তৈরির কাজ হতো। অনেক পরিবার এ শিল্পের ওপর নির্ভরশীল ছিল। আগে ব্যাংক থেকে ঋণসহ কিছু সহযোগিতা পাওয়া গেলেও বর্তমানে তা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ তাঁদের। সরকারি-বেসরকারি সহায়তা ছাড়া এ শিল্প টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে।
পাটকেলঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ জহুরুল হক বলেন, মাদুর শিল্পকে বাঁচিয়ে রাখতে দক্ষ কারিগরদের প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক সহায়তা ও পুরস্কারের ব্যবস্থা করা প্রয়োজন। এতে শিল্পীরা উৎসাহিত হবেন, কর্মসংস্থান বাড়বে এবং দেশীয় এ শিল্পের অর্থনৈতিক সম্ভাবনাও কাজে লাগানো সম্ভব হবে।
একটি বেসরকারি উন্নয়ন সংস্থার পক্ষ থেকে প্রতিটি ইউনিয়ন বা উপজেলা পর্যায়ে মাদুর মেলার আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগে দেশীয় মাদুরের প্রচার ও বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ণ দেব বলেন, তিনি অল্প কিছুদিন আগে দায়িত্ব গ্রহণ করেছেন। মাদুর শিল্পের ঐতিহ্য ধরে রাখতে সরকারি সহযোগিতার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। বর্তমান সরকার উদ্যোক্তা ঋণ চালু করেছে, যার মাধ্যমে স্বল্প সুদে এ শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঋণ পাওয়ার সুযোগ পেতে পারেন। সরেজমিনে যাচাই করে এ খাতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা রয়েছে বলেও তিনি জানান।
স্থানীয় কারিগরদের প্রত্যাশা, সহজ শর্তে ঋণ, কাঁচামালের সহজলভ্যতা, প্রশিক্ষণ ও বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি করা হলে পাটকেলঘাটার ঐতিহ্যবাহী মাদুর শিল্প আবারও ঘুরে দাঁড়াতে পারে।












