প্রদর্শক থেকে প্রভাষক হলেন শিক্ষক শহীদুল ইসলাম, শিক্ষার্থীদের উচ্ছ্বাস
সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক মোঃ শহীদুল ইসলাম ‘প্রদর্শক’ থেকে ‘প্রভাষক’ পদে পদোন্নতি পেয়েছেন। তাঁর এই অর্জনে আনন্দ ও উচ্ছ্বাসে ভেসেছে কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিনের কর্মনিষ্ঠা, মেধা ও নিরলস পরিশ্রমে শিক্ষার্থীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন শিক্ষক শহীদুল ইসলাম। তাঁর এই পদোন্নতি কেবল একটি প্রশাসনিক অগ্রগতি নয়, বরং শিক্ষাদানের প্রতি তাঁর আন্তরিকতা ও ভালোবাসারই এক যোগ্য স্বীকৃতি।
বিভাগের শিক্ষার্থীরা আবেগঘন বার্তায় জানান, ক্লাসরুমে পাঠদানের সুনির্দিষ্ট দিকনির্দেশনার পাশাপাশি যেকোনো প্রয়োজনে একজন অভিভাবক হিসেবে সবসময় পাশে থেকেছেন শহীদুল স্যার। তাঁর এই সাফল্য পুরো কলেজের জন্যই আনন্দের ও গর্বের বিষয়।
এক অভিনন্দন বার্তায় শিক্ষার্থীরা বলেন, “স্যারের এই অর্জন তাঁর মেধা ও নিরলস প্রচেষ্টারই প্রতিফলন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাঁর সুচিন্তিত পথচলায় সাতক্ষীরা সরকারি কলেজ এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার মান ও একাডেমিক পরিবেশ আরও এক ধাপ এগিয়ে যাবে।”
শিক্ষার্থীবৃন্দ তাঁদের প্রিয় এই শিক্ষকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন। প্রেসবিজ্ঞপ্তি








