বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

প্রশ্ন তৈরি করে স্কুল থেকে টাকা নেওয়া অভিযোগ উপজেলা শিক্ষক সমিতির বিরুদ্ধে

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
প্রশ্ন তৈরি করে স্কুল থেকে টাকা নেওয়া অভিযোগ উপজেলা শিক্ষক সমিতির বিরুদ্ধে

ইব্রাহিম খলিল: শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব উদ্যোগে পরীক্ষার প্রশ্নপত্র তৈরির নিয়ম থাকলেও সাতক্ষীরা সদর উপজেলায় বিভিন্ন বিদ্যালয়ের পরীক্ষার প্রশ্ন তৈরি ও সরবরাহ করছে উপজেলা শিক্ষক সমিতি। এর বিনিময়ে প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ১০ হাজার থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। শুধু এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা নয়, অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রশ্নও সমিতির মাধ্যমে সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

 

এ নিয়ে প্রশ্ন তৈরির এখতিয়ার ও অর্থ আদায়ের বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং অভিযোগ তদন্তের আশ্বাস দিয়েছেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাওসার আজিজ। সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির আওতায় থাকা ৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২০ থেকে ২২টি প্রতিষ্ঠান সমিতির কাছ থেকে প্রশ্ন নেয় বলে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ। তবে কোন প্রতিষ্ঠান কত টাকা দেয় এবং প্রশ্ন তৈরির খরচ কীভাবে নির্ধারণ করা হয়, সে বিষয়ে তিনি স্পষ্ট ব্যাখ্যা দেননি।

 

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সমিতির কাছ থেকে সব বিষয়ের প্রশ্ন নিতে একেকটি প্রতিষ্ঠানকে পরীক্ষাভেদে ১০ হাজার থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত দিতে হয়। সদর উপজেলার কুশখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জব্বার এই প্রতিবেদককে জানান, তাঁদের বিদ্যালয়ে ৪৫০ জন শিক্ষার্থী রয়েছে এবং শিক্ষক সমিতির কাছ থেকে প্রশ্ন নেওয়ায় গত অর্ধবার্ষিক পরীক্ষায় সব বিষয়ের প্রশ্নের জন্য ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ হয়েছে।

 

সাতক্ষীরা রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান বলেন, শিক্ষকদের নিজেদের প্রশ্ন তৈরির দক্ষতা বাড়ানোর জন্য চলতি বছরের জানুয়ারিতে তিনি শিক্ষকদের সিলেবাস দিয়ে প্রশ্ন তৈরির প্রস্তুতি নিতে বলেছিলেন এবং এর আগে একবার অর্ধবার্ষিক পরীক্ষার জন্য সমিতির কাছ থেকে প্রশ্ন নেওয়ায় ১৮ হাজার টাকা বিল এসেছিল। পরে হিসাব করে দেখা গেছে, শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী নিজেরা প্রশ্ন তৈরি করলে ১২ থেকে ১৪ হাজার টাকার মধ্যে খরচ করা সম্ভব, যা ব্যয় কমার পাশাপাশি শিক্ষকদের প্রশ্ন তৈরির দক্ষতাও বাড়াবে। তাঁর ভাষ্যমতে, সাতক্ষীরা রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়, পুলিশ লাইন সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয় নিজেদের প্রশ্ন নিজেরাই তৈরি করে।

যশোর শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে শেষ করার কথা থাকলেও সাতক্ষীরার কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ১৫ অক্টোবর থেকে পরীক্ষা শুরু করলেও শিক্ষক সমিতির কাছ থেকে প্রশ্ন নেওয়া প্রতিষ্ঠানগুলো ২৭ অক্টোবর থেকে সমিতির নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা শুরু করে। অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রশ্নও সমিতির মাধ্যমে সরবরাহের অভিযোগ রয়েছে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ বলেন, “সব স্কুল তো আসে না, ২০-২২টি স্কুল যে পারে, তারা নেয়। সমিতির মাধ্যমে দীর্ঘদিন ধরে হয়। তবে এটা এখন পার্ট পার্ট হয়ে গেছে।” এটা হয়ে আসছে ৩০ বছর আগে থেকে। এখন নিয়ম হচ্ছে, সরকারি নিয়ম হলো প্রশ্ন করবে নিজস্ব প্রতিষ্ঠান। সরকারি নিয়মের বাইরে তো আমরা যেতে পারি না। সমিতির প্রশ্ন করার কোনো নিয়ম নেই। এখন করা হয়ে গেছে, আর করা হবে না, যা হয়েছে তাতে পরীক্ষা নেয়া হোক।”

সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব উদ্যোগে প্রশ্নপত্র তৈরির কথা এবং আগে শিক্ষক সমিতির মাধ্যমে প্রশ্ন তৈরির প্রচলন থাকলেও এ নিয়ে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো অভিযোগ তাঁরা পাননি। বর্তমানে প্রতিষ্ঠানগুলোকে নিজেদের প্রশ্ন নিজেরা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হবে; লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নিতে সুবিধা হবে।

জেলা প্রশাসক মিজ কাওসার আজিজ বলেন, শিক্ষক সমিতির প্রশ্ন তৈরির কোনো এখতিয়ার আছে কি না, তা খতিয়ে দেখা হবে। বিষয়টি তিনি সাংবাদিকের কাছ থেকেই প্রথম জেনেছেন এবং সমিতিকে সতর্ক করার পাশাপাশি এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Ads small one

গুঞ্জন উড়িয়ে দিলেন আমির

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১:২০ পূর্বাহ্ণ
গুঞ্জন উড়িয়ে দিলেন আমির

ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ায় বিশ্বের সবচেয়ে দামি টি-টোয়েন্টি লিগ আইপিএলে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে মোহাম্মদ আমিরের। এমন গুঞ্জন ছড়ালেও পাকিস্তানের সাবেক এই বাঁহাতি পেসার জানিয়ে দিয়েছেন, আসন্ন আইপিএল নিলামে নাম লেখানোর কোনো পরিকল্পনা তার নেই।

ক্রিকবাজকে দেওয়া বার্তায় ৩৩ বছর বয়সী আমির নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। দুবাই থেকে পাঠানো বার্তায় আইপিএল নিলামে নিবন্ধনের বিষয়ে তিনি বলেছেন, ‘না, আমি নিবন্ধন করছি না।’

আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা আইপিএল ২০২৭-এর নিলাম। পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে খেলার অনুমতি না থাকায় দেশটির খেলোয়াড়েরা দীর্ঘদিন ধরেই এই প্রতিযোগিতার বাইরে। তবে সম্প্রতি ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ায় আমিরের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হয়েছিল।

আইপিএলের উদ্বোধনী আসরের পর থেকে পাকিস্তানের কোনো ক্রিকেটার এই লিগে খেলেননি। তবে ব্রিটিশ পাসপোর্ট থাকায় পাকিস্তানের সাবেক ক্রিকেটার আজহার মাহমুদ কয়েক মৌসুম আইপিএলে খেলেছিলেন। আমিরের ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর তার ক্ষেত্রেও একই সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। যদিও নিলামে নাম লেখালেই দল পাওয়ার নিশ্চয়তা ছিল না।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সোমবার জানিয়েছে, আইপিএল নিলামে অংশ নিতে আগ্রহী বিদেশি ক্রিকেটাররা নিজ নিজ দেশের ক্রিকেট বোর্ডের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। ২৩ নভেম্বর পর্যন্ত চলবে নিবন্ধনপ্রক্রিয়া। ইংল্যান্ডে এখন স্থানীয় ক্রিকেটার হিসেবে বিবেচিত হওয়ায় আমির চাইলে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) মাধ্যমে নিলামে নাম লেখাতে পারতেন।

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ইতোমধ্যে স্থানীয় খেলোয়াড় হিসেবেই খেলেছেন আমির। দ্য হান্ড্রেডে নটিংহ্যামভিত্তিক দল ট্রেন্ট রকেটসের হয়ে স্থানীয় খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন তিনি।

অন্যদিকে সোমবার যুক্তরাজ্যের নাগরিক হিসেবে আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্লেয়ার্স ড্রাফটে নিবন্ধন করেছেন আমির। অর্থাৎ আইপিএলে আগ্রহ না থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার সুযোগ খুঁজছেন এই পেসার।

চলতি বছরের পর ইসরায়েলকে আর আর্থিক সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১:১৬ পূর্বাহ্ণ
চলতি বছরের পর ইসরায়েলকে আর আর্থিক সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

চলতি বছর শেষে ইসরায়েলকে দেওয়া বার্ষিক আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এ বিষয়ে ইতোমধ্যে তার একটি সমঝোতা হয়েছে।

মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে ফক্স নিউজ-এর ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ইসরায়েলকে অর্থ দেওয়ার বিষয়ে আমি ও বিবি নেতানিয়াহু চুক্তি করেছি যে আমরা তাদের বছরে ৪০০ কোটি ডলার দিই। মাসখানেক আগেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটি বন্ধ করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা আগেই একমত হয়েছি যে এই বছরের শেষ নাগাদ আমরা ইসরায়েলকে আর কোনও অর্থ দেব না। তবে প্রয়োজন হলে আমরা ইসরায়েলকে সহায়তা করব।

ট্রাম্প ঠিক কোন ধরনের সহায়তার কথা বলছেন, তা তাত্ক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা এবং মার্কিন রাজনৈতিক প্রচারণায় ইসরায়েল সমর্থকদের অর্থায়ন চলতি বছর ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের জন্যই একটি স্পর্শকাতর বিষয় হয়ে উঠেছে। বছরের পর বছর ধরে চলা দ্বিপক্ষীয় সমর্থনের জায়গা থেকে সরে মার্কিন নেতাদের তরফ থেকে ইসরায়েলের কঠোর সমালোচনা দেখা যাচ্ছে।

গাজায় ইসরায়েলের আগ্রাসনের জেরে গত জুলাইয়ে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের একটি সংশোধনী প্রস্তাব পেশ করা হয়। কেন্টাকির রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি এই সংশোধনী আনেন। প্রায় অর্ধেক ডেমোক্র্যাট সদস্য এর পক্ষে সমর্থন জানালেও শেষ পর্যন্ত ৩১৪-১০৪ ভোটে প্রস্তাবটি নাকচ হয়ে যায়।

সূত্র: আল জাজিরা

ইরানে ‘অনেক মানুষ মারতে চান না’ ট্রাম্প

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১:১৪ পূর্বাহ্ণ
ইরানে ‘অনেক মানুষ মারতে চান না’ ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে ‘অনেক মানুষ মারতে চান না’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রয়োজনে ওয়াশিংটন যে কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না, সেই হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তিনি।

ভোট গ্রহণ চলাকালে ফক্স নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, দেখুন, আমি তো আর অনেক মানুষ মেরে ফেলতে চাচ্ছি না। তবে আমাদের যদি করতেই হয়, তবে আমরা তা করতে বাধ্য হব।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বর্তমান যুদ্ধ পরিস্থিতিকে ট্রাম্প রাশিয়া-ইউক্রেন বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো প্রথাগত যুদ্ধের চেয়ে আলাদা হিসেবে বর্ণনা করেন। তিনি দাবি করেন, ইরানের নৌ ও বিমান শক্তি পঙ্গু করে দেওয়ার পর তেহরানের ওপর ওয়াশিংটনের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।

ট্রাম্প বলেন, আমরা তাদের পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণেই রেখেছি। আমরা চাইলে তাদের একদম নিঃশেষ করে দিতে পারি, অথবা আমরা নমনীয় হয়ে এমন হাজার হাজার মানুষকে বাঁচতে দিতে পারি, যারা এই যুদ্ধে মারা পড়ত।

প্রেসিডেন্ট ট্রাম্প জানান, গত রাতে মার্কিন বাহিনী ইরানের সদ্য নির্মিত একটি বিমান বিধ্বংসী স্থাপনায় হামলা চালিয়েছে, যার ওপর গত দুই মাসেরও বেশি সময় ধরে নজর রাখা হচ্ছিল। এটিকে ‘সামান্য হামলা, কোনও যুদ্ধ নয়’ বলে উল্লেখ করেন তিনি।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম জানায়, সোমবার ইরানের কেশম দ্বীপে প্রতিরক্ষামূলক হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

সূত্র: আনাদোলু এজেন্সি