বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পত্রদূত ডেস্ক: নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা জমায়েত হন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীন।
সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, যৌথ আহ্বায়ক আবুল হাসান হাদি, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, তাজকিন আহমেদ চিশতি এবং প্রাক্তন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুকসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।









