বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দিরে মহানাম যজ্ঞ কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত
আশাশুনি সংবাদদাতা: বৃহস্পতিবার বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির চত্বরে মহানাম যজ্ঞ কমিটির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার ভক্তবৃন্দ, যুবসমাজ ও মন্দির কমিটির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভাটি মহানাম যজ্ঞ কমিটির সভাপতি গৌতম ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
শুরুতে ধর্মীয় প্রার্থনা ও মহানাম সংকীর্তনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়, যা পুরো পরিবেশকে আধ্যাত্মিক আবহে পরিপূর্ণ করে তোলে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ধর্মযাজক ও ভাগবত আলোচক বিল্বমঙ্গল দেবনাথ। তিনি তাঁর বক্তব্যে ধর্মীয় মূল্যবোধ, ভক্তি আন্দোলনের তাৎপর্য এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় মহানাম যজ্ঞের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, “মহানাম কেবল ধর্মীয় আচার নয়, এটি মানুষের মনকে শুদ্ধ করে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।” এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি, সাংবাদিক ও কলামিস্ট সচ্চিদানন্দ দে সদয় এবং সাধারণ সম্পাদক অজয় কুমার পাইন। বক্তারা মন্দিরের সার্বিক উন্নয়ন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং নিয়মিত ধর্মীয় অনুষ্ঠান পরিচালনার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন কাজল দেবনাথ। তিনি সভার বিভিন্ন কার্যসূচি উপস্থাপন করেন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভায় সদ্য সমাপ্ত মহানাম যজ্ঞ অনুষ্ঠানের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব উপস্থাপন করা হয়। উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে উক্ত হিসাব অনুমোদিত হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে হিসাব উপস্থাপন করায় উপস্থিত সবাই সন্তোষ প্রকাশ করেন।
সভায় ভবিষ্যতে যজ্ঞ অনুষ্ঠান আরও বৃহৎ পরিসরে ও সুশৃঙ্খলভাবে করার পরিকল্পনা গ্রহণ করা হয়। পাশাপাশি মন্দিরের উন্নয়ন, যুবসমাজকে ধর্মীয় কার্যক্রমে সম্পৃক্ত করা এবং সামাজিক কর্মকা- বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। সভা শেষে শত শত ভক্তবৃন্দ মহানাম সংকীর্তনে অংশগ্রহণ করেন ও প্রসাদ বিতারন করাহয়। এ সময় মন্দির চত্বর ভক্তি, শ্রদ্ধা ও ধর্মীয় উৎসবের আবহে মুখরিত হয়ে ওঠে।









