মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীকে ‘সম্মোহিত’ করে টাকা লোপাট
আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বৃহত্তম মৎস্য সেট মহেশ্বরকাটিতে এক মুদি ব্যবসায়ীকে ‘সম্মোহিত’ করে ৬৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ জুন) এ ঘটনায় আশাশুনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, গত বুধবার দুপুর তিনটার দিকে তিনি তাঁর মুদি দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একটি ঢাকা মেট্রো-গ-৪৩-৭৬৬ নম্বরের প্রাইভেট কারে চড়ে কয়েকজন ব্যক্তি বাজারের দোকানের সামনে আসেন। গাড়ি থেকে নেমে বিদেশি চেহারার এক ব্যক্তি অর্ধেক খোলা দোকানের ভেতরে ঢুকে ইংরেজিতে মালামালের নাম জিজ্ঞাসা করেন। এরপর তিনি একটি ২০০ টাকার নোট দিয়ে ভাঙতি চান এবং ইংরেজি ১০০০ টাকার নোট দেখতে চান। ব্যবসায়ী সরল বিশ্বাসে তাঁর ক্যাশবাক্সের ৬৫ হাজার টাকার বান্ডিল থেকে একটি ১০০০ টাকার নোট বের করে দিলে ওই ব্যক্তি বিদেশি ভঙ্গিতে টাকাটি দেখতে থাকেন। ধারণা করা হচ্ছে, এ সময় কৌশলে টাকাটিতে কোনো রাসায়নিক বা বিশেষ কিছু মাখিয়ে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর তারা গাড়ি নিয়ে চলে যায়। পরদিন বৃহস্পতিবার পাইকারি মালামাল কিনতে গিয়ে ব্যবসায়ী দেখতে পান তাঁর ক্যাশবাক্সের পুরো ৬৫ হাজার টাকাই গায়েব।
স্থানীয় এক যুবক কৌতুহলবশত ঘটনার সময় ওই প্রাইভেটকার ও দুই ব্যক্তির দোকানে ঢোকার ভিডিও ধারণ করেছিলেন, যা এখন পুলিশ খতিয়ে দেখছে। এর আগে ওই চক্রটি পাশের আরেকটি দোকানেও একই কায়দায় টাকা দেখার চেষ্টা করেছিল, কিন্তু কর্মচারী ইংরেজি বুঝতে না পারায় তারা সফল হয়নি। আশাশুনি থানা-পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।









