বৃক্ষমেললায় নজর কাড়ছে পরিবেশ ও নদীর মডেল
সংবাদদাতা: ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী বর্ণাঢ্য বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। মেলা প্রাঙ্গণে বনজ, ফলজ ও ভেষজ উদ্ভিদের নানা চারাগাছ বিক্রি ও প্রদর্শন করা হচ্ছে।
মেলায় আসা দর্শনার্থীদের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ‘সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র, সাতক্ষীরা’র একটি বিশেষ মডেল ডিসপ্লে। সুনিপুণভাবে নির্মিত এই মডেলে সাতক্ষীরা অঞ্চলের প্রাকৃতিক ও ভৌগোলিক বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে।
মডেলে দেখানো হয়েছে গ্রামীণ বসতবাড়ি, সুদৃশ্য পুকুর, খোলপেটুয়া নদী এবং মানিকখালী ব্রিজ। উপকূলীয় অঞ্চলের পরিচয় হিসেবে খোলপেটুয়া নদীর জলে ভাসমান নৌকা এবং ম্যানগ্রোভ বনাঞ্চলের সুন্দরবনের অংশ তুলে ধরা হয়েছে। এতে কেওড়া ও গোলপাতার গাছের পাশাপাশি হরিণ ও বাঘের প্রতীকী অবস্থান ফুটে উঠেছে।
উপকূলীয় দুর্যোগ মোকাবিলায় বৃক্ষরোপণ এবং লবণাক্ত পরিবেশে বসতবাড়িতে কীভাবে পরিকল্পিত বনায়ন করা সম্ভব, তা শিখতে শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীরা এই ডিসপ্লেতে ভিড় করছেন।






