বেনাপোলে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, রাজস্ব কর্মকর্তাসহ আটক ৩
বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল বন্দর এলাকার বাজার থেকে কাগজপত্রবিহীন, অবৈধভাবে আনা কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও কসমেটিকস বোঝাই একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে বেনাপোল কাস্টমসের এক সহকারী রাজস্ব কর্মকর্তাসহ তিনজনকে আটক করা হয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি ও বন্দর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ জুন) রাত ১টার দিকে বেনাপোল বাজারের দুর্গাপুর মোড়ে অভিযান চালিয়ে একটি ট্রাক জব্দ করা হয়। বিজিবি ক্যাম্পে এনে দিনভর গণনা শেষে ট্রাকে থাকা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। এ সময় পণ্যের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাকচালক মহসিন আলী, হেলপার জাহিদ হাসান এবং বেনাপোল কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিৎকে আটক করা হয়। বিজিবি অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। আটককৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকারও বেশি। এই বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।






