ব্যবসায়িক বন্ধন দৃঢ় করতে কালিগঞ্জে এমইপির ব্যতিক্রমি কর্পোরেট সম্মেলন
সংবাদদাতা: আস্থা, গুণগত মান ও ব্যবসায়িক অংশীদারিত্বের বার্তা নিয়ে সাতক্ষীরার কালিগঞ্জে অনুষ্ঠিত হলো এমইপি কোম্পানির বর্ণাঢ্য কর্পোরেট সহযোগী সম্মেলন। বেলা ১১টায় উপজেলার সেকেন্দারনগর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ কর্পোরেট সম্মেলনে কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার প্রায় দেড় শতাধিক ব্যবসায়ী, সাংবাদিক, সুধীজন, পরিবেশক ও প্রতিষ্ঠানের প্রতিনিধির উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
আলোচনা, পণ্যের গুণগত মান উপস্থাপন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং অংশীদারদের সম্মাননায় সাজানো এ সম্মেলনে বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর আধুনিক ও নিরাপদ ইলেকট্রিক পণ্যের বাজারে এমইপি এখন দেশের অন্যতম নির্ভরযোগ্য নাম। দীর্ঘ পাঁচ দশকের পথচলায় প্রতিষ্ঠানটি গ্রাহকের আস্থা অর্জনের পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলেছে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে এমইপি কোম্পানির এজিএস নিজামুল ইসলাম বলেন, ১৯৭৪ সালে প্রতিষ্ঠার পর থেকে এমইপি শুধু ব্যবসায়িক সাফল্য নয়, গুণগত মান ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। ইলেকট্রিক পণ্যের পাশাপাশি এমইপি অ্যাগ্রোর মাধ্যমে কৃষি ও গবাদিপশুভিত্তিক বিভিন্ন উন্নয়ন কার্যক্রমও পরিচালিত হচ্ছে।
কালিগঞ্জের মনি ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী ও উপজেলার সেলস প্রতিনিধি প্রদীপ অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির সিএসও ও চিফ সেলস অফিসার এস এম হাবিবুর রহমান। তিনি বলেন, ব্যবসায়ীদের আস্থা ও গ্রাহকদের ভালোবাসাই এমইপির সবচেয়ে বড় শক্তি। সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নিরাপদ, টেকসই ও আধুনিক প্রযুক্তির পণ্য বাজারে আনার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের শিল্পখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির সেক্রেটারি মো. জহিরুল ইসলাম, ব্যবসায়ী নেতা জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার মো. জিয়াউল হক, ডিএসএম খুলনার মো. হাবিবুর রহমান, ডিএসএম মো. ইব্রাহিম, কালিগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু এবং সাংবাদিক ফজলুল হক।
সম্মেলনের একপর্যায়ে এমইপির বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড, উৎপাদন সক্ষমতা ও সামাজিক উদ্যোগ নিয়ে নির্মিত একটি ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে অংশগ্রহণকারী ব্যবসায়ীদের সম্মাননা ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। আয়োজনের শেষপর্বে র্যাফেল ড্র’র মাধ্যমে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হলে পুরো মিলনায়তনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।












