মির্জা ফখরুল ও রিজভীকে নতুন দায়িত্ব দেওয়ায় সাতক্ষীরায় ছাত্রদলের আনন্দ মিছিল
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি এবং রুহুল কবির রিজভী আহমেদকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রদল।
মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে আয়োজিত সমাবেশে নেতাকর্মীরা নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের প্রতি শুভেচ্ছা জানান।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি এস কে এম আবু রায়হান, সাধারণ সম্পাদক জে এম দুদায়েভ মাসুদ খান (অর্ঘ্য), জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ রিপন ও শেখ ফারহান মাসুকসহ জেলা ছাত্রদলের অধীনস্থ উপজেলা, পৌর, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় জেলা ছাত্রদলের নেতারা জানান, বিএনপির নতুন নেতৃত্ব দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।









