মুয়াজ্জিনের সাইকেল চুরি!
সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নে এক মুয়াজ্জিনের চুরি হওয়া সাইকেলের বদলে নতুন সাইকেল কেনার জন্য আর্থিক সহায়তা দিয়েছে ‘অনির্বাণ ফাউন্ডেশন’ নামের একটি সামাজিক সংগঠন। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে শিবনগর শেখপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এই সহায়তা তুলে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা ও মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, ওই মসজিদের মুয়াজ্জিন আনারুল ইসলামের যাতায়াতের একমাত্র সম্বল সাইকেলটি সম্প্রতি চুরি হয়ে যায়। এর ফলে বাড়ি থেকে মসজিদে এসে যথাসময়ে আজান দেওয়া ও অন্যান্য দায়িত্ব পালনে তিনি বিপাকে পড়েন। আর্থিক সংকটের কারণে নতুন একটি সাইকেল কেনার সামর্থ্যও ছিল না তাঁর।
মুয়াজ্জিনের এই সমস্যার কথা স্থানীয়দের মাধ্যমে জানতে পারে অনির্বাণ ফাউন্ডেশন। বুধবার আসর নামাজের পর সংগঠনটির পক্ষ থেকে মুয়াজ্জিন আনারুল ইসলামকে নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়।
সহায়তা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন মুহাম্মদ ফিরোজ শাহ, আতিয়ার রহমান, হাফেজ মো. আব্দুল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।









