মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

রাখাল ও জমিদার কন্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ
রাখাল ও জমিদার কন্যা

মো. সৈয়দুল ইসলাম
গ্রামের নাম অচিনপুর। গ্রামের আলো বাতাসে বেড়ে ওঠা এক সহজ সরল রাখালের নাম মোহন। মোহন দেখতে খুবই সুন্দর। চেহারা যেন ছবির মতো। দুঃখের বিষয়, তিন বছর বয়সেই মোহন তার বাবা-মাকে হারায়। এরপর বৃদ্ধ দাদা দাদির কাছে সে বড়ো হতে থাকে। হঠাৎ করে একদিন তার দাদা অসুস্থ হয়ে পড়ে। ভীষণ অসুস্থ। মাথা তুলতে পারেনা এমন অবস্থা। তার দাদি বললো- “ভাই মোহন, ঘরে খাবার দাবার কিছুই নেই”। তোমার দাদার চিকিৎসা করানোর মতো টাকাও নেই। এখন কি করব ভাই? দুঃখ ভারাক্রান্ত মনে মোহন বললো- “মা-বাবাকে হারিয়ে তোমাদের কাছে বড় হয়েছি”। তোমরা ছাড়া আপন বলতে পৃথিবীতে আমার কেউ নেই। মোহন তার অসুস্থ দাদাকে জড়িয়ে ধরে বললো- “চিন্তা করোনা দাদা। আমি কাজ করে তোমার জন্য ঔষধ নিয়ে আসবো, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে”। এ কথা শোনার পর তার দাদা বললো- “আমার কিছু হয়নি, আমি ভালো হয়ে যাবো”। তুমি ছোট মানুষ। তোমার কাজ করার বয়স এখনো হয়’নি ভাই।

পাশের বাড়ির শান্তু মিয়া এ কথা শোনার পর দৌড়ে এসে বললো- “কাজ করবে’না তো কি করবে। তোমার তো কোন সন্তান নেই, যে তোমাদের খেয়াল রাখবে”। চিকিৎসা করাবে। সাথে সাথে মোহন বলে উঠলো, সন্তান নেই তো কি হয়েছে। আমি তো আছি। দাদা দাদির খেয়াল আমি রাখবো। কিন্তু, মোহন কী কাজ করবে? সে”তো কোনদিন কাজই করেনি। আর কেইবা তাকে কাজ দেবে। শান্তু মিয়া তার দাদা দাদিকে বলল- মোহন যেহেতু ছোট মানুষ, তাকে মাসিক বেতনে পশ্চিম পাড়া কদম আলীর বাড়িতে দিলে কেমন হয়। মাসে কদম আলী ছয় থেকে সাত হাজার টাকা বেতন দিবে। তার দাদা-দাদি শান্তু মিয়াকে জিজ্ঞেস করলো, তার কাজ কী? শান্তু মিয়া বললো- “কদম আলীর পনেরো থেকে বিশটা গরু আছে। গরুগুলোকে ঘাস খাওয়ানোর জন্য সকালে মাঠে নিয়ে যাবে এবং বিকালে বাড়িতে নিয়ে আসবে”।

এই কথাগুলো শোনে মোহনের দাদা-দাদি খুব কষ্ট পেলো। আর বললো- আমাদের মোহন গরু রাখবে। মানুষ তাকে গরু রাখাল ডাকবে। এই ভেবে দাদা-দাদি দুজনেই কেঁদে ফেললো। শেষমেষ, পরিবারের চিন্তা করে তারা রাজি হয়ে গেলো। পরেরদিন থেকে মোহন কদম আলীর বাড়িতে মাসিক বেতনে চাকরি নিলো। শুরু হলো তার নতুন জীবন। মোহন প্রতিদিন সকালে গরু নিয়ে মাঠে যায় আর বিকালে গরু নিয়ে ফিরে আসে। কিছুদিন যাওয়ার পর মোহন লোকমুখে শুনেছে রাখালেরা মাঠে গরু চরায় আর বাঁশি বাজায়। মোহন মনে মনে বলতে লাগলো আমি’তো বাঁশি বাজাতে পারিনা। অনেক চিন্তা ভাবনার পর বাঁশি কেনার জন্য তার মত ঠিক করলো এবং বাজার থেকে একটি বাঁশি কিনে নিয়ে আসলো। মাঠে গরু চরানোর ফাঁকে ফাঁকে মোহন প্রতিদিন বাঁশি বাজায়। মোহন যেখানে গরু চরায় তার পাশেই রয়েছে একটি হিজল বন। আর এই হিজল বনের ছায়ায় বসেই সে আরামে বাঁশি বাজায়। এভাবে আস্তে আস্তে মোহন বাঁশি বাজানো শিখে ফেললো। হিজল বন এলাকার একটি পরিচিত বন। এই বনে প্রতিদিন বিকালে শত শত ছেলেমেয়ে ঘুরতে আসে। আর মনের আনন্দে সবাই ছবি তুলে হিজল বনে একাকার হয়ে যায়। এদিকে মোহনের মায়াবী বাঁশির সুর শোনার জন্য সবাই তাকে ঘিরে ধরে এবং মুগ্ধ হয়ে বাঁশির সুর শুনে। তার বাঁশির সুর শুনে পাখিরাও ডালে ডালে কিচিরমিচির শব্দ শুরু করে এবং বৃক্ষলতাও নিরব হয়ে যায়। একদিন, এলাকার জমিদারের কন্যা মালা হিজল বনে ঘুরতে আসে। এসে হিজল বন দেখে খুবই খুশি হয়। হঠাৎ করে মোহনের বাঁশির সুর মালার কানে আসে। মালা তার বান্ধবীদের বললো- “এই বনে বাঁশি কে বাজায়”? এমন মায়াবী বাঁশির সুর আগে কখনো শুনিনি। বান্ধবীরা বললো-” বাঁশি রাখাল বাজায়”। এই বনের পাশের মাঠে সে গরু চরায় আর হিজল বনে বসে বাঁশি বাজায়। মালা তার বান্ধবীদের নিয়ে রাখালের কাছে গেল এবং তার সাথে পরিচিত হলো। জমিদার কন্যা মোহনকে বললো- “তোমার বাঁশির সুর আমাকে মুগ্ধ করেছে”। আমি প্রতিদিন তোমার মায়াবী বাঁশির সুর শোনার জন্য এই বনে আসবো। এই বলে মালা বন থেকে চলে গেলো। মোহন চিন্তায় পড়ে গেলো আর মনে মনে বলতে লাগলো আল্লাহ জানে কপালে কি আছে।

মালা মোহনের বাঁশির সুর শোনার জন্য প্রতিদিন হিজল বনে আসে এবং মুগ্ধ হয়ে তার বাঁশির সুর শুনে। এভাবে কিছুদিন বাঁশির সুর শুনতে শুনতে জমিদার কন্যা রাখাল মোহনের প্রেমে পড়ে গেলো। একদিন মালা মোহনকে তার ভালোলাগার কথা বলেই ফেললো। মোহন বলল- “আমি সামান্য রাখাল আর তুমি জমিদার কন্যা”। এ হতে পারেনা। তুমি এখান থেকে চলে যাও। জমিদার কন্যা নাছোর বান্দা। সে কোন কথা শুনতেই চায় না। মোহন বাড়িতে গিয়ে তার দাদা-দাদির কাছে বিষয়টি খুলে বললো। বিষয়টি শোনার পর তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। তার দাদা-দাদি তাকে বাঁশি বাজানো ছেড়ে দিতো বলল। কিন্তু, মোহন বললো- “আমি এটা ছাড়তে পারবো না। কেননা, বাঁশির সুর দিয়েই আমি গরুগুলোকে নিয়ন্ত্রণ করি। আর এই বাঁশিই আমার একমাত্র সঙ্গী”। এই বলে মোহন চলে গেলো। এদিকে পুরো এলাকায় জমিদার কন্যার রাখালকে ভালোবাসার ঘটনাটি ছড়িয়ে পড়লো। রাতে খাবার খাওয়ার সময় কদম আলী মোহনকে বললো- “কি শুনছি, জমিদার কন্যা মালা নাকি তোমাকে ভালোবাসে”। মোহন বললো- “আপনি ঠিকই শুনেছেন চাচা”। কদম আলী বললো- “বাবা, ও জমিদার কন্যা। তোমার জীবন নিয়ে খেলা করবে। তুমি ওর কথায় কান দিও না”। পরের দিন মোহন সকাল সকাল গরু নিয়ে মাঠে চলে গেলো। তার কিছুই ভালো লাগছিল না। গ্রামের অন্যান্য রাখালেরা মোহনকে বললো- কী হয়েছে ভাই? মনমরা হয়ে বসে আছো কেনো। আজ বাঁশি বাজাবে না? মোহন বললো- “এই বাঁশি আমার জন্য কাল হয়ে দাড়িয়েছে”। এই কথা শেষ করতে না করতেই জমিদার কন্যা হাজির হয়ে গেলো। মালা মোহনকে বললো- “আমি সারারাত ঘুমাতে পারিনি। সারাক্ষণ শুধু তেমার কথা মনে পড়ে”। মোহন বললো- “মালা, আমি তেমাকে ভালোবাসতে পারবো না আমাকে ক্ষমা করো”। জমিদার কন্যা অশ্রুসিক্ত নয়নে বললো- “মোহন, তুমি যদি রাজি না হও আমি আত্মহত্যা করবো”। মোহন বললো- দেখো মালা, আমি গরিব। আমার বাড়ি নেই, ঘর নেই। সামান্য বেতনে চাকরি করি। আমার দাদা-দাদির মুখে ঠিকমতো খাবার দিতে পারিনা। মালা বললো- আমি এই সব শুনতে চাই না। প্রয়োজনে গাছতলায় থাকবো, খেয়ে না খেয়ে থাকবো। এই বলে মালা চলে গেলো। বাড়িতে গিয়ে মালা তার বাবাকে সব খুলে বললো। তার বাবা শুনে রাগান্বিত স্বরে বললো- “সামান্য রাখালকে তুমি ভালোবাসো। আমার কি মান সম্মান বলতে কিছু নেই। দেশে কি ছেলের অভাব পড়েছে”। মালা কেঁদে কেঁদে বললো- “বাবা, আমি তোমার একমাত্র কন্যা। তুমি কি আমার ভালো চাও না। রাখাল হলেও সে মানুষ। আমার শরীরে যে রক্ত আছে তার শরীরে সে একই রক্ত আছে”। মেয়ের কথাগুলো শুনে জমিদার চিন্তায় পড়ে গেলো আর মনে মনে বলতে লাগলো আমার মা’ মরা একমাত্র মেয়ে। মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললো, ঠিক আছে মা’ তুমি যা চাও তাই হবে। আগামীকাল রাখালকে আমাদের বাড়িতে আসতে বলো। মালা তার বাবার কথায় খুবই খুশি হলো। পরের দিন, মালা হিজল বনে গিয়ে মোহনকে বললো- “বাবা, তোমাকে আমাদের বাড়ি যেতে বলেছে”। মোহন কথাগুলো শুনে ভয় পেয়ে গেলো। মনে মনে বলতে লাগলো আমি আজ শেষ। যাই হোক না কেন, জমিদারের কথা মানতে হবে। এই ভেবে মোহন মালাদের বাড়ি গেল এবং ভয়ে ভয়ে জমিদারকে সালাম দিলো। জমিদার মোহনকে দেখে অবাক হয়ে গেলো আর মনে মনে বলতে লাগলো এতো সুন্দর ছেলে রাখালের কাজ করে। সারাদিন রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে মাঠে গরু চরায়। জমিদার মোহনকে বললো- “তোমার বাবা-মা আছে”। কেঁদে কেঁদে সে উত্তর দিলো, আমার বাবা-মা কেউই বেঁচে নেই। আমি এতিম। বৃদ্ধ দাদা-দাদির কাছেই বড় হয়েছি। এই কথাগুলো শুনে জমিদারও মনে কষ্ট পেলো। জমিদার মোহনকে বললো- “বাবা মোহন, আমার মালা তোমাকে ভালোবাসে।

তুমি যদি রাজি থাকো তাহলে আগামী শুক্রবার তোমাদের বিয়ে দিবো”। জমিদারের কথা শুনে মোহনের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। মোহন বললো- “আমার দাদা-দাদির সাথে কথা বলে আপনাকে জানাবো”। ঐ দিন রাতেই মোহন তার দাদা-দাদিকে বিয়ের বিষয়ে সব খুলে বললো। তারা তাকে বললো- “জমিদার খুবই ভালো লোক। জমিদার যদি মেয়েকে বিয়ে দিতে রাজি হয় তাহলে আমাদের আর বলার কিছু নেই”। মোহন সাথে সাথে জমিদারকে তার প্রস্তাব জানিয়ে দিলো। শুক্রবার দিন জমিদার এলাকার লোকজন নিয়ে মোহন এবং মালার বিয়ে ধুমধামের মাধ্যমে সম্পন্ন করলেন। বিয়ের কিছুদিন পর, জমিদার মোহনের পরিবারকে তাদের বাড়িতে নিয়ে আসলেন এবং সুখে শান্তিতে সবাই মিলেমিশে বসবাস করতে লাগলেন।

Ads small one

কপ-৩১: প্রতিশ্রুতি বনাম বাস্তবতা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ণ
কপ-৩১: প্রতিশ্রুতি বনাম বাস্তবতা

বাহলুল আলম

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১) শেষ হয়েছে বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় প্রত্যাশিত রাজনৈতিক ঐকমত্য ছাড়াই। জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ এ সম্মেলনে জলবায়ু অর্থায়ন বৃদ্ধি, ঋণনির্ভরতা কমানো, অভিযোজন কার্যক্রমে পর্যাপ্ত অর্থায়ন এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণের প্রত্যাশা নিয়ে অংশ নিয়েছিল। সম্মেলন শেষে তাই প্রশ্ন উঠেছে, বাংলাদেশ আসলে কী পেল? প্রতিনিধিদলের আকার কিংবা অর্থের ঘোষণা নয়, দেশের ঝুঁকিপূর্ণ মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনতে পারাই হওয়া উচিত সম্মেলনের সাফল্যের মাপকাঠি।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর ১৪ নভেম্বর ২০২৬-এর প্রতিবেদন অনুযায়ী, কপ-৩১-এ বাংলাদেশের ৩৬১ জনের নিবন্ধন ছিল। এর মধ্যে ১৮৪ জন অতিরিক্ত বা ‘ওভারফ্লো’ প্রতিনিধি। প্রতিবেদনে প্রতিনিধিদল নির্বাচনের নির্দিষ্ট মানদণ্ডের অভাব এবং সরকারিভাবে প্রায় ২০ জনের অংশগ্রহণের ব্যয় বহনের তথ্যও উঠে এসেছে। এত বড় প্রতিনিধিদলের অংশগ্রহণের বিপরীতে জাতীয় স্বার্থে কী অর্জন হয়েছে, তা মূল্যায়ন করা জরুরি। প্রতিনিধিদের নির্বাচনপ্রক্রিয়া, দায়িত্ব, সরকারি ব্যয় ও অংশগ্রহণের ফলাফল জনসমক্ষে প্রকাশ করা প্রয়োজন। এ জন্য প্রতিটি সম্মেলনের পর প্রতিনিধিদের তালিকা, ব্যয়, অর্থায়নের উৎস, আলোচনায় বাংলাদেশের অবস্থান ও অর্জন নিয়ে একটি স্বচ্ছ প্রতিবেদন প্রকাশ করা যেতে পারে।

কপ-৩১ শেষে বাংলাদেশের জন্য ইতিবাচক অর্থায়নের ঘোষণাও এসেছে। বাসসের ২২ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) থেকে ৩ কোটি মার্কিন ডলার এবং গ্লোবাল শিল্ড থেকে ৩ কোটি ইউরো অনুদানের কথা জানানো হয়েছে। এর সম্মিলিত পরিমাণ প্রায় ৭৮৪ কোটি টাকা। সরকার জানিয়েছে, এই অর্থ ঋণ নয়, অনুদান এবং জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি মোকাবিলা, অভিযোজন ও আর্থিক সুরক্ষায় ব্যবহার করা হবে। এটি নিঃসন্দেহে ইতিবাচক অগ্রগতি। তবে অর্থের ঘোষণা, চুক্তি, ছাড় এবং প্রকৃত বাস্তবায়ন এক বিষয় নয়। অর্থ ছাড়ের সময়সীমা, প্রকল্পভিত্তিক বরাদ্দ, বাস্তবায়নকারী সংস্থা ও উপকারভোগী নির্বাচনের প্রক্রিয়া প্রকাশ করতে হবে। ঘোষিত অর্থের পাশাপাশি অতিরিক্ত অর্থ পাওয়ার সম্ভাবনাকেও নিশ্চিত প্রাপ্তি হিসেবে উপস্থাপন করা উচিত নয়।

বাংলাদেশের জলবায়ু অর্থায়নের প্রয়োজনের তুলনায় এই অনুদান অত্যন্ত সীমিত। জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) ২০২৩-২০৫০ বাস্তবায়নে আনুমানিক ২৩০ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। এই বিশাল প্রয়োজনের তুলনায় ৭৮৪ কোটি টাকা গুরুত্বপূর্ণ হলেও তা সংকট মোকাবিলার জন্য যথেষ্ট নয়। দক্ষিণ-পশ্চিম উপকূলের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে লবণাক্ততা, সুপেয় পানির সংকট, নদীভাঙন, ঘূর্ণিঝড় ও জলাবদ্ধতা মানুষের জীবন-জীবিকাকে প্রতিনিয়ত বিপন্ন করছে। তাই জলবায়ু অর্থায়ন উপকূলীয় বাঁধ ও পোল্ডার সংস্কার, নিরাপদ পানির ব্যবস্থা, বৃষ্টির পানি সংরক্ষণ, জলবায়ুসহিষ্ণু কৃষি এবং স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে ব্যয় করতে হবে। অর্থের সুফল যেন সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করাও জরুরি।

জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে বাংলাদেশের অন্যতম দাবি হওয়া উচিত ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক সহায়তা। কপ-২৯-এ ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে অন্তত ৩০০ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। পাশাপাশি সব উৎস থেকে বছরে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার অর্থায়ন বাড়ানোর প্রচেষ্টার কথা বলা হয়। কিন্তু এই অর্থের কতটুকু অনুদান, কতটুকু ঋণ এবং কতটুকু নতুন ও অতিরিক্ত অর্থ, তা স্পষ্ট হওয়া প্রয়োজন। জলবায়ু সংকটের জন্য তুলনামূলকভাবে কম দায়ী দেশগুলোকে আবার ঋণ নিয়ে ক্ষয়ক্ষতি মোকাবিলা করতে বাধ্য করা কোনোভাবেই ন্যায়সংগত নয়।

কপ-৩১-এর ফলাফল নিয়ে আন্তর্জাতিক মহলেও হতাশা ও সমালোচনা দেখা গেছে। জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ, পর্যাপ্ত অভিযোজন অর্থায়ন এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ ও বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্মেলনের ফলাফল নিয়ে হতাশা প্রকাশ করে বলেছেন, আলোচনার কক্ষে ঐকমত্য না থাকলেও বিজ্ঞানের বিষয়ে কোনো অস্পষ্টতা নেই। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জলবায়ু ন্যায়বিচারবিষয়ক নীতিগত উপদেষ্টা অ্যান হ্যারিসন সম্মেলনের ফলাফলকে বড় ব্যর্থতা হিসেবে সমালোচনা করেছেন। ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কসহ বিভিন্ন জলবায়ু সংগঠনও ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রত্যাশা পূরণ না হওয়া এবং জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের সুস্পষ্ট পথনকশার অভাব নিয়ে উদ্বেগ জানিয়েছে।

এসব প্রতিক্রিয়া থেকে স্পষ্ট, জলবায়ু সম্মেলনের সাফল্য কেবল রাজনৈতিক সমঝোতা কিংবা অর্থের ঘোষণায় সীমাবদ্ধ থাকতে পারে না। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, পর্যাপ্ত ও অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করা এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ—এসব ক্ষেত্রে বাস্তব অগ্রগতি প্রয়োজন। জলবায়ু সংকটের জন্য ঐতিহাসিকভাবে বেশি দায়ী শিল্পোন্নত দেশগুলোর দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

বাংলাদেশের জলবায়ু কূটনীতিকে আরও স্বচ্ছ, কার্যকর ও জনস্বার্থমুখী করতে হবে। সম্মেলনে অংশগ্রহণের পর অর্জন, অর্থায়ন এবং বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত প্রকাশ করতে হবে। বিশেষ করে উপকূলীয় জনগোষ্ঠীর প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে অর্থ ব্যয়ের কার্যকর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

দক্ষিণ-পশ্চিম উপকূলের একজন নারী যখন সুপেয় পানির জন্য দীর্ঘ পথ পাড়ি দেন, একজন কৃষক যখন লবণাক্ততায় ফসল হারান কিংবা একজন জেলে যখন জীবিকার সংকটে পড়েন, তখন জলবায়ু সম্মেলনের প্রকৃত অর্জনের প্রশ্নটি সামনে আসে। বাংলাদেশের মানুষের প্রয়োজন কেবল আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ নয়; প্রয়োজন পর্যাপ্ত অর্থায়ন, ন্যায্য ক্ষতিপূরণ, প্রযুক্তিগত সহায়তা এবং বাস্তব সুরক্ষা। জলবায়ু কূটনীতির সাফল্য নির্ভর করবে আন্তর্জাতিক প্রতিশ্রুতিকে স্থানীয় মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তায় কতটা রূপান্তর করা যাচ্ছে তার ওপর।

ধনী ও শিল্পোন্নত রাষ্ট্রগুলোর প্রতি আমাদের স্পষ্ট বার্তা—জলবায়ু সংকটের দায় তোমাদের, অস্তিত্বের লড়াই আমাদের। প্রতিশ্রুতি নয়, চাই বাস্তব পদক্ষেপ; ঋণ নয়, চাই ন্যায্য ক্ষতিপূরণ।

বাহলুল আলম, প্রধান সমন্বয়কারী, সিভিক ভয়েজ বাংলাদেশ

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ ৬ দফা দাবিতে যশোরে হোটেল শ্রমিকদের বিক্ষোভ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ
৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ ৬ দফা দাবিতে যশোরে হোটেল শ্রমিকদের বিক্ষোভ

৩০ হাজার টাকা ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণা, হোটেল সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন, নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিসবুক প্রদান এবং শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা ও জিডি প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের যশোর জেলা কমিটির উদ্যোগে পাইপপট্টি মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দড়াটানা মোড়ে গিয়ে পথসভায় মিলিত হয়।

হোটেল সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। পথসভায় বক্তব্য দেন সংগ্রাম পরিষদের জেলা আহ্বায়ক কামাল পারভেজ বুলু, যুগ্ম আহ্বায়ক আইয়ুব হোসেন ও মো. রাজু আহম্মেদ।

বক্তারা বলেন, হোটেল শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। কিন্তু সরকার ও মালিকপক্ষ শ্রমিকদের দাবিগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিচ্ছে না। বরং শ্রমিক আন্দোলন বিভক্ত ও বিভ্রান্ত করতে বিভিন্ন সংগঠনকে ব্যবহার করা হচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন।

তাঁরা আরও অভিযোগ করেন, মালিকপক্ষের একটি অংশ ও প্রশাসনের ছত্রছায়ায় কিছু ব্যক্তি ট্রেড ইউনিয়নের পরিচয় ব্যবহার করে হোটেল সেক্টরে হুমকি-ধমকি ও চাঁদাবাজির মাধ্যমে অনৈতিক সুবিধা আদায় করছে। এসব কর্মকাণ্ড বন্ধ করে প্রকৃত শ্রমিক সংগঠনের সঙ্গে সম্পাদিত চুক্তি কার্যকর এবং শ্রম আইন বাস্তবায়নের দাবি জানান তাঁরা।

এ সময় ঢাকাসহ বিভিন্ন জেলায় শ্রমিক ও নেতাদের নামে দায়ের করা মামলা ও জিডি প্রত্যাহারের পাশাপাশি দাবি আদায়ে দেশব্যাপী ঐক্যবদ্ধ আন্দোলন ও ধর্মঘটের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।

পথসভায় গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়। ৩২ হাজার টাকা ন্যূনতম মূল মজুরির দাবির বিপরীতে মালিকপক্ষের ১৫ হাজার ৮০০ টাকা প্রস্তাব এবং শ্রমিক প্রতিনিধিদের আলোচনায় দুই দফায় ১০ হাজার টাকা ছাড় দেওয়ার ঘটনায় নিন্দা জানান নেতারা। মূল্যস্ফীতি ও বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে সব খাতের শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা। প্রেসবিজ্ঞপ্তি

পাইকগাছায় পুণ্যস্নান ও ধর্মীয় অনুষ্ঠানে ঐতিহ্যবাহী রাস উৎসব সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ
পাইকগাছায় পুণ্যস্নান ও ধর্মীয় অনুষ্ঠানে ঐতিহ্যবাহী রাস উৎসব সম্পন্ন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমার রাস উৎসব ও পুণ্যস্নান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) শিববাটি সংলগ্ন শিবসা নদীর অববাহিকায় পুণ্যস্নান, পূজা-অর্চনা ও আলোচনা সভার মধ্য দিয়ে এ উৎসব উদ্‌যাপিত হয়। এতে হাজারো ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটে।

রাস মন্দির কমিটির সভাপতি তুষার কান্তি মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। রাস মন্দির কমিটির সাবেক সভাপতি সন্তোষ কুমার সরদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহসভাপতি অ্যাডভোকেট অজিত কুমার মণ্ডল, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজসহ বিভিন্ন মন্দির ও সংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজক কমিটি ও স্থানীয় সূত্রে জানা যায়, উৎসব উপলক্ষে সোমবার রাত থেকেই পৌর এলাকার বিভিন্ন মন্দিরসহ শিববাটি, কড়ুলিয়া, খড়িয়া, দেলুটি, বোয়ালিয়া ও লতা-কাঠামারী এলাকায় অধিবাস, নামযজ্ঞ, প্রদীপ প্রজ্বালন এবং রাধা-কৃষ্ণের বিশেষ আরাধনা শুরু হয়। মঙ্গলবার ভোরে জগতের মঙ্গল ও পাপমোচনের কামনায় শিবসা নদীতে পুণ্যস্নান করেন ভক্তরা।

উৎসবকে কেন্দ্র করে এলাকায় ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা বসে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়।