সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

রিয়াদে কিং খালেদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
রিয়াদে কিং খালেদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ যাত্রী। তারা রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে তিনজন কিং আব্দুল্লাহ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস।

রবিবার (১১ অক্টোবর) রাতে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, গত ১০ অক্টোবর আনুমানিক রাত ৩টা ১৫ মিনিটে বিমানবন্দরের টার্মিনাল-৩-এর ওপর একটি ক্ষেপণাস্ত্র পড়ে। এ ঘটনায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা হতাহত হন। প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় মোট ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই বাংলাদেশি এবং আহতদের মধ্যে ২৪ জন বাংলাদেশি রয়েছেন।

দূতাবাস জানিয়েছে, আহত বাংলাদেশিরা রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের চিকিৎসার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে দূতাবাস। কিং আব্দুল্লাহ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন তিন বাংলাদেশির সঙ্গে দূতাবাসের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল।

তারা হলেন হাফেজ হাসান (ঢাকা), কাজী নুরুল্লাহ (ব্রাহ্মণবাড়িয়া) এবং মো. ওমর ফারুক (সৌদি প্রবাসী কর্মী)।

এর আগে রবিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, সৌদি আরবের বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত চার বাংলাদেশি কিং খালেদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, “সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চার বাংলাদেশি আহত হয়েছেন, তারা সৌদির কিং খালেদ হাসপাতালের আইসিইউতে আছেন। আমরা সবার পরিচয় নিশ্চিতের চেষ্টা করছি।”

তিনি বলেন, বাংলাদেশ মিশন সেখানে থাকা অন্য বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করছে। হতাহতদের অবস্থা জানার চেষ্টা চলছে। পাশাপাশি, বাংলাদেশিরা যাতে যতটা সম্ভব নিরাপদে থাকতে পারেন, সে বিষয়ে মিশন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এ ধরনের ঘটনায় সব ধরনের সহযোগিতা দিয়ে থাকে। তিনি বলেন, “মাত্র ঘটনাটা ঘটেছে। আমরা অবশ্যই সৌদি সরকারের সঙ্গে কাজ করবো। অনেক সময় দেখা যায়, বাংলাদেশি ভাইয়েরা ওখানে যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন, তাদের কোম্পানির মালিকদের সঙ্গে কথা বলতে হয়। তো সব ফরমালিটি কমপ্লিট করে তাদের মরদেহ শিগগিরই দেশে ফেরত আনার চেষ্টা করবো। তাদের দেশে আনার খরচ আমরা বহন করে থাকি।”

Ads small one

জাকারিয়া হত্যা মামলার ৬ নম্বর আসামি সাগর গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১:২২ পূর্বাহ্ণ
জাকারিয়া হত্যা মামলার ৬ নম্বর আসামি সাগর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আলোচিত জাকারিয়া খান হত্যা মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি মো. সাগর ওরফে মো. মোস্তাফিজুর রহমানকে (২৭) গ্রেপ্তার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ।

রোববার (১১ অক্টোবর) রাত আড়াইটার দিকে সাতক্ষীরা পৌরসভার লেকভিউ রিসোর্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাগর সাতক্ষীরা শহরের ইটাগাছা পশ্চিমপাড়ার বাসিন্দা। তার পিতার নাম মো. হাসান উল্লেখ করা হলেও প্রকৃত নাম মো. শাহাজান আলী ওরফে বাবু।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের পাশে একটি চায়ের দোকানের সামনে বিরোধের জেরে জাকারিয়া খান ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাগরকে ৬ নম্বর আসামি করা হয়েছে।

বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হাসান মাহমুদের হ্যাটট্রিক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ
বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হাসান মাহমুদের হ্যাটট্রিক

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন পেসার হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে একমাত্র টেস্টের তৃতীয় দিনের সকালে হ্যাটট্রিক করে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি। তার দুর্দান্ত বোলিংয়ে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান।

বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৩৪৬ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২১১ রান তুলেছিল আফগানিস্তান। তবে তৃতীয় দিনের সকালে এবাদত হোসেন ও হাসান মাহমুদের বোলিংয়ে দ্রুত পাল্টে যায় ম্যাচের চিত্র। অল্প সময়ের ব্যবধানে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকেরা।

দিনের শুরুতে ৩২ রান করা ইকরাম আলি খিলকে বোল্ড করে আফগানিস্তানের প্রতিরোধ ভাঙেন এবাদত হোসেন। এরপর নিজের বোলিংয়ে ঝলক দেখান হাসান মাহমুদ।

পরপর দুই বলে ইসমত আলম ও কায়েস আহমেদকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন হাসান। প্রথমে ইসমতকে বোল্ড করেন তিনি। পরের বলে সুইং করা ডেলিভারিতে কায়েসের ব্যাটের কানায় লেগে আসা বল তালুবন্দী করেন উইকেটরক্ষক লিটন দাস।

হ্যাটট্রিকের তৃতীয় বলে জিয়াউর রহমানের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেন বাংলাদেশের বোলাররা। মাঠের আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটে লাগেনি এবং স্টাম্পে আঘাত হানত। ফলে আম্পায়ারের সিদ্ধান্ত বদলে যায়। জিয়াউর রহমানকে এলবিডব্লিউ ঘোষণা করতেই হ্যাটট্রিকের আনন্দে মেতে ওঠে বাংলাদেশ দল।

এর মধ্য দিয়ে টেস্টে বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে হ্যাটট্রিকের কীর্তি গড়েন হাসান। এর আগে ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে অলক কাপালি এবং ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সোহাগ গাজী টেস্টে হ্যাটট্রিক করেছিলেন। তবে হাসানই বাংলাদেশের প্রথম পেসার, যিনি টেস্টে এই কীর্তি গড়লেন।

হাসানের এই সাফল্যের পাশাপাশি এবাদত হোসেনের কার্যকর বোলিংয়ে আফগানিস্তানের ইনিংস বড় ধাক্কা খায়। একপর্যায়ে ৮ উইকেটে ২২১ রান নিয়ে লড়াই করছিল স্বাগতিকেরা। তখন ৮৭ রানে অপরাজিত ছিলেন রহমত শাহ।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে হাসান মাহমুদের এই হ্যাটট্রিক বিশেষ তাৎপর্য বহন করছে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে টেস্টে দেশের পেসারদের জন্য নতুন এক মাইলফলক স্থাপন করলেন তিনি।

বার্লিন সামিট: ২৫০ মিলিয়ন ইউরো সহায়তায় বাংলাদেশে আসছে ‘নারী স্বাস্থ্য কর্মসূচি’

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ
বার্লিন সামিট: ২৫০ মিলিয়ন ইউরো সহায়তায় বাংলাদেশে আসছে ‘নারী স্বাস্থ্য কর্মসূচি’

জার্মানির বার্লিনে ওয়ার্ল্ড হেলথ সামিট (ডব্লিউএইচএস) ২০২৬ উপলক্ষে চ্যারিটি ক্যাম্পাসে বাংলাদেশ সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ও প্রযুক্তিবিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

বৈঠকে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের ২৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাবিত ঋণের আওতায় বাংলাদেশে ‘নারী স্বাস্থ্য কর্মসূচি’ চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় বাংলাদেশে মাতৃমৃত্যুর হার হ্রাস, জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং ইউনিয়ন পর্যায়ে সার্বক্ষণিক জরুরি প্রসূতি সেবা পৌঁছে দেওয়ার জন্য আধুনিক ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়।

এ ছাড়া জেলা হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং ডিজিটাল পেশেন্ট ট্র্যাকিং ব্যবস্থা চালুর বিষয়টিও গুরুত্ব পায়।

স্বাস্থ্য খাতের এই নতুন যুগান্তকারী উদ্যোগে জাতিসংঘের জনসংখ্যা তহবিল, বার্লিনের চ্যারিটি বিশ্ববিদ্যালয় এবং বার্লিন ইনস্টিটিউট অব হেলথ প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা প্রদান করছে।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, ‘বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের নারী ও মেয়েদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই আন্তর্জাতিক অংশীদারত্ব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

বাংলাদেশ প্রতিনিধি দল বার্লিনের চ্যারিটি হাসপাতালের আধুনিক চিকিৎসাব্যবস্থা ও ক্যান্সার স্ক্রিনিং সুবিধাগুলো সরেজমিনে পরিদর্শন করেন এবং ভবিষ্যতে উভয় দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে একমত পোষণ করেন। বাসস।