বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

শক্তি কাপুরের মৃত্যুর গুজব, কঠোর ব্যবস্থা নেবেন অভিনেতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ
শক্তি কাপুরের মৃত্যুর গুজব, কঠোর ব্যবস্থা নেবেন অভিনেতা

বলিউডের বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুরের মৃত্যুর খবর নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র বিভ্রান্তি ছড়িয়েছে। শুক্রবার (৮ মে) সকাল থেকে একাধিক পোস্টে তার মৃত্যুর দাবি করা হলেও অভিনেতা নিজেই সামনে এসে সেই খবরকে ভুয়া বলে নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন বলে জানা গেছে।
শুক্রবার সকালে হঠাৎ করেই শক্তি কাপুরের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ভক্তদের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়। তবে কিছুক্ষণের মধ্যেই সব ধোঁয়াশা কাটিয়ে অভিনেতা সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা শেয়ার করেন।

সেখানে তিনি তার সুস্থতার খবর নিশ্চিত করে জানান, তার মৃত্যু নিয়ে প্রচারিত তথ্যগুলো পুরোপুরি মিথ্যা। অভিনেতা বলেন, সবাইকে স্বাগত। আমার মৃত্যুর খবর পুরোপুরি ভুয়া। আমি সুস্থ আছি, আনন্দে আছি। দয়া করে এই খবর উপেক্ষা করুন।

বিভ্রান্তিকর এই তথ্য ছড়ানোর বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন ৭৩ বছর বয়সী এই অভিনেতা। জানিয়েছেন, এ ধরনের কুরুচিপূর্ণ কাজের জন্য তিনি আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন। ভিডিও বার্তায় তিনি আরও যোগ করেন, আমি সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করতে যাচ্ছি, কারণ যা ঘটেছে সেটা মোটেই কাঙ্ক্ষিত নয়।

উল্লেখ্য, বিনোদন জগতে তারকাদের নিয়ে এমন মৃত্যুর গুজব নতুন কিছু নয়। এর আগেও কলকাতার প্রবীণ অভিনেত্রী সাবিত্রী চ্যাটার্জি এবং পরিচালক হরনাথ চক্রবর্তীসহ অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব এ ধরনের অপপ্রচারের শিকার হয়েছেন। শক্তি কাপুরের সুস্থতার খবর প্রকাশের পর স্বস্তি প্রকাশ করেছেন তার অগণিত ভক্ত ও অনুরাগী। সামাজিক মাধ্যমে অনেকেই এই ভুয়া খবর ছড়ানোর তীব্র নিন্দা জানিয়েছেন।

Ads small one

শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যার অভিযোগে করা মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। বুধবার (৮ জুলাই) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

আমিনুল ইসলাম বলেন, “এই মামলায় আসামি হচ্ছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কয়েকটি বাহিনীর তৎকালীন প্রধান, কয়েকজন সাংবাদিক এবং কয়েকজন সাবেক মন্ত্রী।”

তিনি আরও বলেন, “২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে যে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেই মামলার তদন্ত ইতোমধ্যে শেষ হয়েছে। খসড়া প্রতিবেদনটি যাচাই-বাছাই চলছে। আগামী ২১ জুলাইয়ের পর শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পর আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হবে।”

আমিনুল ইসলাম জানান, এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, কয়েকটি বাহিনীর তৎকালীন প্রধানসহ কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ওই ঘটনা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ করেছিলেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে করা ওই অভিযোগে মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়।

এখন পর্যন্ত এই মামলায় গ্রেফতারকৃত আসামিরা হলেন—সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

বিশ্বকাপ চলাকালেই ফ্রান্সের দাপটে সিংহাসন হারালো আর্জেন্টিনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ
বিশ্বকাপ চলাকালেই ফ্রান্সের দাপটে সিংহাসন হারালো আর্জেন্টিনা

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরুর আগে বাড়তি প্রেরণা নিয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছে ফ্রান্স। সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ২০১৮ সালের চ্যাম্পিয়নরা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে পেছনে ফেলে এক নম্বরে উঠে এসেছে দিদিয়ের দেশমের দল।

উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপে শেষ আটে ওঠার পথে ফ্রান্স ধারাবাহিক ভালো পারফরম্যান্সের সুবাদে আর্জেন্টিনা ও স্পেনকে টপকে গেছে।

ফ্রান্সের উত্থানে এক ধাপ পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে আর্জেন্টিনা। যদিও টুর্নামেন্টে এখন পর্যন্ত পাঁচ ম্যাচের সবগুলোই জিতেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে স্পেন। চতুর্থ স্থান ধরে রেখেছে ইংল্যান্ড।

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় এগিয়েছে মরক্কোও। এক ধাপ উঠে তারা এখন ষষ্ঠ স্থানে। পঞ্চম স্থানে থাকা ব্রাজিলের সঙ্গে তাদের ব্যবধান এখন মাত্র এক রেটিং পয়েন্ট। শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের ২-১ গোলের অপ্রত্যাশিত হারের সুযোগ নিয়েই এগিয়েছে আটলাস লায়ন্স।

অপর দিকে, গ্রুপ পর্বে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের কারণে রেটিং পয়েন্টে পিছিয়ে পড়েছে স্পেন। যদিও শেষ ষোলোতে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লুইস দে লা ফুয়েন্তের দল।

বিদায় নেওয়ায় পর্তুগাল দুই ধাপ পিছিয়ে সপ্তম স্থানে নেমেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছে বেলজিয়াম।

টুর্নামেন্ট শুরুর পর সবচেয়ে বেশি উন্নতি করেছে নরওয়ে। ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলতে এসে ১২ ধাপ এগিয়ে তারা এখন ১৯ নম্বরে।

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা সুইজারল্যান্ডও র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে এখন ১৪তম স্থানে। মুরাত ইয়াকিনের অপরাজিত দলটি সাত বছর পর আবারও বিশ্বের শীর্ষ দশে ফেরার স্বপ্ন নিয়ে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে।

সভ্য দেশ হয়েও যত্রতত্র কলকারখানা তৈরি করা কাম্য নয়: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৩:১২ অপরাহ্ণ
সভ্য দেশ হয়েও যত্রতত্র কলকারখানা তৈরি করা কাম্য নয়: প্রধানমন্ত্রী

কল কারখানার কারণে যেভাবে পরিবেশের দূষণ হচ্ছে, এর জন্য আমাদের সবারই দায় আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “বাংলাদেশ সভ্য দেশ হয়েও যত্রতত্র কলকারখানা তৈরি করা হচ্ছে, তা কাম্য নয়। সবকিছু আইন দিয়ে করা সম্ভব নয়, সচেতনতার মধ্য দিয়ে করতে হবে।”

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শুরু হয় সকাল ১০টায়।

বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

অনুষ্ঠানে ৭টি ক্যাটাগরিতে মোট ২১ জনের হাতে জাতীয় পরিবেশ পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, “নির্বাচনের আগেই দেওয়া প্রতিশ্রুতি পূরণে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করবে সরকার। তবে কোন পরিবেশে কেমন গাছ লাগাতে হবে, এই ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। ইউক্যালিপটাসের মতো ক্ষতিকর গাছ লাগানো থেকে বিরত থাকতে হবে।” এসময় ঔষধিসহ দেশীয় গাছ রোপণে মনযোগী হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, “ইকোসিস্টেমের নিরাপদ লালন ও বিকাশের সঙ্গে মানবসমাজ জড়িত। বৃক্ষমেলা নিরাপদ ভবিষ্যৎ নির্মাণের বিনিয়োগ। এটি শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকা উচিত হবে না, নৈমিত্তিক এটি করতে হবে।”

একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, “বিশ্বে বসবাসের অযোগ্য তালিকায় ঢাকা তৃতীয়। এনিয়ে আমাদের সিরিয়াসলি চিন্তা করতে হবে। বিষয়টি নিয়ে অনেক মানুষ অজ্ঞ। তাদেরকে সচেতন করতে সবাইকে দায়িশীল আচরণ করতে হবে।”

তারেক রহমান বলেন, “সন্তান জন্ম নিলে আমরা তার নামে একটি গাছ লাগাতে পারি।” লন্ডনেও এমনটি করা হয় বলে তিনি জানান।

প্রধানমন্ত্রী বলেন, “সরকার গ্রিন ভলান্টিয়ারিজম এবং ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ চালুসহ বেশকিছু পদক্ষেপ নিচ্ছে। নিরাপদ, স্বাস্থ্যকর, সবুজায়নের লক্ষ্যে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ করবে সরকার। আমরা ছাদ বাগান, নগর বনায়ন, ইকো ট্যুরিজমকে অর্থনীতির নতুন ক্ষেত্র হিসেবে বিবেচনা করতে চাই।” এছাড়া রিডিউস, রিইউজ, রিসাইকেল জাতীয় পর্যায়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে প্রধানমন্ত্রী একটি করে জলপাই, জারুল ও নিম গাছের চারা রোপণ করেন। পরে তিনি পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত জাতীয় বৃক্ষমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

উল্লেখ্য, রাজধানীতে পরিবেশ মেলা ও মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলার পাশাপাশি সাতটি বিভাগীয় শহরে ১৫ দিনব্যাপী, ৫৬টি জেলা সদরে সাত দিনব্যাপী এবং ২৯টি উপজেলায় তিন দিনব্যাপী বৃক্ষমেলার আয়োজন করা হচ্ছে। ঢাকার জাতীয় বৃক্ষমেলায় অংশ নিয়েছে ১২০টি স্টল। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে।

এই কর্মসূচির আওতায় জিআইএস, রিমোট সেন্সিং, ন্যাশনাল ট্রি ডাটাবেজ এবং ড্রোন প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে বনায়ন কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। এর মাধ্যমে প্রায় সাড়ে তিন লাখ নতুন সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং ১০ হাজার নতুন নার্সারি উদ্যোক্তা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।