শ্যামনগরে মাছের ঘের থেকে রান্না মাংস উদ্ধার, বনবিভাগ বলছে হরিণের
এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে মৎস্য ঘেরের বাসা থেকে রান্না করা মাংস উদ্ধার করেছে বন বিভাগ ও পুলিশ। মাংসগুলো হরিণের বলে জানিয়েছে বনবিভাগ।
বনবিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি ইউনিয়নের চুনা গ্রামে শেখ মিজানুর রহমান বাবুর মাছের প্রজেক্ট থেকে মঙ্গলবার (২৮ এপ্রিল) গভীর রাত রান্না অবস্থায় ১০ কেজি মাংস উদ্ধার করা হয়। মাংসগুলো হরিণের বলে তারা দাবী করেন।
স্থানীয় ফজলুল হক বলেন, বহিরাগত কিছু মানুষ দীর্ঘদিন ধরে বাবু শেখের মাছের প্রজেক্টে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার কাজ করে। প্রতিনিয়ত তারা মাংস রান্না করে কিন্তু কিসের মাংস রান্না করে আমরা জানি না। হঠাৎ দেখলাম মাছের প্রজেক্টের বাসা থেকে রাতে বনবিভাগ ও পুলিশ রান্না অবস্থায় হরিণের মাংস উদ্ধার করেছে।
প্রজেক্টের মালিক শেখ মিজানুর রহমান বাবু বলেন, আমার মাছের প্রজেক্টে ভেকু মেশিন দিয়ে যারা কাজ করছে তাদের কাউকে আমি চিনি না। ভেকু মালিকদের সাথে আমার যোগাযোগ। তারা সব বহিরাগত। তারা কি খাওয়া দাওয়া করছে আমি তাও জানিনা।
পশ্চিম সুন্দরবনের সহকারি বন সংরক্ষক (সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা) মশিউর রহমান জানান, আমরা হঠাৎ জানতে পারি চুনায় এক মাছের প্রজেক্টে হরিণের মাংস রান্না হচ্ছে। সেই মুহূর্তে আমাদের আভিযানিক টিম নিয়ে রান্না অবস্থায় মাংস উদ্ধার করি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।









