সাতক্ষীরা জেলা জামায়াতের আমিরের শপথ গ্রহণ
সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, মানবিক মূল্যবোধের বাংলাদেশ গড়তে দায়িত্বশীলদের নিষ্ঠা, ত্যাগ ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে সংগঠনের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিতে হবে। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৫টায় সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ায় আল-আমিন ট্রাস্টে জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশ ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইজ্জত উল্লাহ বলেন, দায়িত্ব কোনো সামাজিক মর্যাদা বা ব্যক্তিগত সম্মানের বিষয় নয়; বরং এটি একটি গুরুত্বপূর্ণ আমানত। প্রত্যেক দায়িত্বশীলকে সততা, আন্তরিকতা ও জবাবদিহির মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে নবনির্বাচিত জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, আমিরের দায়িত্ব ব্যক্তিগত পদমর্যাদা নয়, বরং গুরুদায়িত্ব ও আমানত। মহান আল্লাহর সাহায্য এবং সবার সহযোগিতা নিয়ে তিনি এ দায়িত্ব পালনের চেষ্টা করবেন। সাংগঠনিক শৃঙ্খলা, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে জেলার কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদা ও ডা. মাহমুদুল হক, সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, ডা. মাহবুবুল আলম, অধ্যাপক ওবায়দুল্লাহ, প্রভাষক ওমর ফারুক ও মাওলানা উসমান গনি। এ ছাড়া জেলা কর্মপরিষদ ও মজলিসে শূরার সদস্য এবং বিভিন্ন উপজেলা জামায়াতের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে ৪ নভেম্বর জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত জেলা আমিরদের নাম ঘোষণা করেন। সংগঠনের রুকনদের গোপন ব্যালটে উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল পুনরায় সাতক্ষীরা জেলা জামায়াতের আমির নির্বাচিত হন। শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।












