সাতক্ষীরা জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন
তালা প্রতিনিধি: সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে মহান জাতীয় সংসদে করা কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুন) সকাল ১১টায় তালা প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল, তালা উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেছা মিনি। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ।
মানববন্ধনে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, উপজেলা মহিলা দলের নেত্রী মিলি খাতুন ও নাজনীন আক্তার কেয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদুভাই, বিএনপি নেতা রেজাউল ইসলাম রেজা, ফারুক হোসেন এবং তালা থানা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান।
এ সময় উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত মহিলা দল, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, জাতীয় সংসদের মতো সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানে একজন নারী জেলা প্রশাসককে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। তারা বলেন, নারীর প্রতি সম্মান প্রদর্শন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে কোনো নারী কর্মকর্তা বা নারীকে নিয়ে এ ধরনের অবমাননাকর মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান তারা।









