সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
সংবাদদাতা: সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা রবিবার (১১ অক্টোবর) দুপুর ১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।
সভায় গত মাসের সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, সুশীলন এনজিও উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান ও সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের লিডার শেখ মাহবুবুল হক প্রমুখ।
সভায় সাইবার অপরাধ প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল সাইবার অপরাধ কন্টেইন চিহ্নিত করা, একটি দক্ষ সাইবার প্রতিরোধ সেল কার্যক্রম ও সেবা বান্ধব করা, শিক্ষা প্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তা কার্যক্রম জোরদার করা, শিক্ষক-শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ, প্রবাসীদের সাইবার অপরাধ থেকে মুক্ত রাখা ও নিরাপদ সুস্থ ইন্টারনেট ব্যবহার সচেতন করা।
এছাড়া সচেতনতামূলক কনটেন্ট তৈরি ও প্রচার, ঘটনার পর দ্রুত ভুক্তভোগীর পাশে পৌঁছানো, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ, সরকারি আইন, নির্দেশনা ও গুরুত্বপূর্ণ বার্তা দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। সভায় কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।









