সাতক্ষীরা পৌরসভার ৯ ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
পত্রদূত ডেস্ক: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। পৌরসভার ৯টি ওয়ার্ডকে তিনটি গ্রুপে ভাগ করে পরিচ্ছন্নতা, মশা নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।
এদিন ৬ নম্বর ওয়ার্ডের বাঁকাল কোল্ডস্টোরেজের সামনে, ৭ নম্বর ওয়ার্ডের বাঙালের মোড়-ইটাগাছা বউবাজার সড়ক, ১ নম্বর ওয়ার্ডের কাটিয়া এবং ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা পুলিশ ফাঁড়ির সামনেসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, নির্বাহী প্রকৌশলী আলী হায়দার, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আক্তার হোসেন তালুকদার, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপসহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, স্যানিটারি ইন্সপেক্টর রবিউল আলম ও কনজারভেন্সি ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস আলী। এ ছাড়া বিডি ক্লিন ও রেড ক্রিসেন্টের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্নতার বিকল্প নেই। এডিস মশার লার্ভা ধ্বংস এবং পৌরবাসীকে নিরাপদ রাখতে ৯টি ওয়ার্ডে নিয়মিত পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রম অব্যাহত থাকবে। এ কাজে পৌরবাসীর সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।









