সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের ত্রৈমাসিক সভা
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের (এইচআরএলএফ) সদস্যদের নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট মঙ্গলবার বেলা ২টায় সাতক্ষীরা আইনজীবী ভবনের তৃতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা ‘স্বদেশ’-এর বাস্তবায়নে আইন ও সালিশ কেন্দ্র (আসক), সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় পরিচালিত ‘এনগেজ নাও’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
আইনজীবী ফোরামের আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী মোস্তফা আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় পরিচালিত মামলাগুলোর পর্যালোচনা এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। এছাড়া মানবাধিকার পরিস্থিতি এবং আদালতে মামলার জট নিরসনে জ্যেষ্ঠ জেলা জজের সঙ্গে সরাসরি কথা বলার সিদ্ধান্ত গৃহীত হয়। সভার একপর্যায়ে সম্প্রতি ঘটে যাওয়া নারী ও শিশু নির্যাতনের বিষয়গুলো নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।
সভায় আইনজীবী ফোরামের সদস্য ছাড়াও স্বদেশ সংস্থার প্রোগ্রাম অর্গানাইজার মো. আজাহারুল ইসলাম ও প্যারালিগ্যাল ফাইন্যান্স তাপস বিশ্বাস উপস্থিত ছিলেন।









