শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান, ১০ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান, ১০ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক ও ওষুধসহ ১০ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ভারতীয় মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিনভর সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ আটটি সীমান্ত চৌকির (বিওপি) সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন। বিজিবি সূত্র জানায়, চোরাচালান রোধে বিজিবির তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, চান্দুরিয়া, হিজলদী, ভোমরা, কালিয়ানী ও কুশখালী বিওপির টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায়। অভিযানে ভারতীয় মদ, ক্যাটাগ্রা ও টারপেন্টাডল ট্যাবলেট, বিভিন্ন ধরনের ওষুধ, শাড়ি এবং মোবাইল ফোনের পিন উদ্ধার করা হয়।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, উল্লেখযোগ্য জব্দের তালিকায় রয়েছে চারাবাড়ি ও কেড়াগাছি এলাকা থেকে ৩ লাখ ৮৫ হাজার টাকার ভারতীয় ওষুধ। চান্দা ও কাঁদপুর এলাকা থেকে ২ লাখ ৬ হাজার টাকার ওষুধ ও ক্যাটাগ্রা ট্যাবলেট। লক্ষীদাড়ি ও তালশারী এলাকা থেকে ৩ লাখ ২১ হাজার টাকার মদ, মাদকজাতীয় ট্যাবলেট ও মোবাইলের পিন। ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের শাড়ি ও ওষুধ। বিজিবি জানায়, চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। জব্দকৃত মালামালের মোট মূল্য ১০ লাখ ৫২ হাজার টাকা।
৩৩ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। জনস্বার্থে ও রাজস্ব ফাঁকি রোধে সীমান্তের এই কঠোর নজরদারি এবং চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Ads small one

‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান

দেড় যুগেরও বেশি সময় ধরে রাজধানীর উত্তরায় নিজের কেনা ফ্ল্যাটে বাস করছেন দেশের বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। কিন্তু শুক্রবার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তার বাড়ি দখল হয়েছে। এ বিষয়টি শুনে বিস্মিত ও বিরক্ত হয়েছেন অভিনেত্রী।

দিলারা জামান জানান, প্রচারিত বক্তব্যের সঙ্গে তার বর্তমান জীবনের কোনও মিল নেই। ফলে বিভ্রান্তি দূর করতে বিষয়টি পরিষ্কার করেছেন তিনি।

তিনি বলেন, ‘মানুষের মাথা কি নষ্ট হয়ে গেছে! একটু ভেবেচিন্তে, কথা বলে লিখলে তো ভালো হয়। ভালো কাজে যদি মস্তিষ্ক কাজে না লাগে, তাহলে কেমন লাগে! কী আর বলব।’

তাহলে দিলারা জামানের বাড়ি দখলের ঘটনা কি একেবারেই ঘটেনি? ঘটেছিল, তবে সেটি আজকের ঘটনা নয়—প্রায় ২২–২৩ বছর আগের।

তার মতে, ২০০৩–২০০৪ সালের দিকে তিনি ঢাকার শ্যামলী এলাকায় থাকতেন। সেখানে ছিল তার পৈতৃক বাড়ি। বাবার কাছ থেকে পাওয়া সেই বাড়িতেই পরিবার নিয়ে থাকতেন তিনি। একপর্যায়ে বাড়িটি দখলের পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীতে সেই দখলের পরিস্থিতি আর এগোয়নি।

দিলারা জামানের ভাষ্য, ‘ঢাকার শ্যামলীর সেই ঘটনা তো ২২–২৩ বছর আগের। সেই বাড়ি পরে বিক্রি করে দিই। ২০০৮ সালে আমি পরিবার নিয়ে উত্তরায় চলে আসি। এখানে ১৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনি। তার পর থেকে এখানেই থাকছি।’

৯ বছর পর অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ণ
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন

অপূর্ব অভিনীত ‘বড় ছেলে’নাটকটির ৯ বছর পূর্ণ হলো। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এই অপূর্বর বিপরীতে ছিলেন মেহজাবীন চৌধুরী। নাটকটি ইউটিউবে ভিউয়ের দিকে যেমন রেকর্ড করেছিল তেমনই চোখের জলে ভাসিয়েছিল দর্শকদের।

নয় বছর আগে আজকের দিনে (৫ সেপ্টেম্বর) মুক্তি পায় নাটকটি। বিশেষ দিনটিতে সামাজিক মাধ্যমে ‘বড় ছেলে’ নিয়ে প্রশ্ন রাখলেন অপূর্ব।

নিজের ফেসবুকে ‘বড় ছেলে’র শেষ দৃশ্যের দুটি স্থিরচিত্র ভাগ করে নিয়েছেন অপূর্ব। যেখানে তাকে ও মেহজাবীনকে হারানোর যন্ত্রণায় কাঁদতে দেখা গেছে। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘৫ সেপ্টেম্বর, ২০১৭ সালে রিলিজ পেয়েছিল ‘বড় ছেলে’। দেখতে দেখতে আজ এই টেলিফিল্মের ৯ বছর পূর্ণ হলো।’

এরপর প্রশ্ন রেখে অপূর্ব লেখেন, ‘এই ৯ বছরে নাটকটি কতবার দেখেছেন?’

জবাবে নেটিজেনদের কেউ জানিয়েছেন অসংখ্যবার দেখেছেন। কেউ লিখেছেন শতাধিকবার দেখার কথা। অনেকে জানিয়েছেন, ‘বড় ছেলে’ দেখেই নাটকের প্রেমে পড়ার কথা।

নয় বছরেও আবেদন কমেনি বড় ছেলের। এখনও দর্শক নাটকটি দেখে আবেগ প্রবণ হন। বর্তমানে ইউটিউবে এর দর্শকসংখ্যা ৫৮ মিলিয়ন।

সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা

রবিবার (৬ সেপ্টেম্বর) প্রয়াত নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের এ দিনে তিনি মারা যান। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে তার অভিনীত তিনটি সিনেমা প্রদর্শনের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

সিনেমাপ্রেমী দর্শক ও প্রয়াত এই নায়কের ভক্ত-অনুরাগীদের জন্য বিশেষ এ আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।

বিএফডিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএফডিসি প্রাঙ্গণের ভিআইপি প্রজেকশন হলে অনুষ্ঠিত হবে এ বিশেষ সিনেমা প্রদর্শনী। ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন। প্রতিদিন বিকেল ৪টায় দর্শকদের জন্য পর্দায় দেখানো হবে সালমান শাহ অভিনীত জনপ্রিয় সিনেমা।

আয়োজনের প্রথম দিন ৬ সেপ্টেম্বর প্রদর্শিত হবে সালমান শাহ অভিনীত সিনেমা ‘স্বপ্নের ঠিকানা’। দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর বিকেল ৪টায় দেখানো হবে সালমান শাহ ও মৌসুমী অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’। ১৯৯৩ সালে এ সিনেমার মাধ্যমেই চলচ্চিত্রে অভিষেক হয় তার।

আয়োজনের শেষ দিন ৮ সেপ্টেম্বর একই সময়ে প্রদর্শিত হবে সালমান শাহ ও শাবনূর অভিনীত ‘তোমাকে চাই’। জনপ্রিয় এই জুটির সিনেমাটি নব্বইয়ের দশকে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।