শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরায় একযোগে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ
সাতক্ষীরায় একযোগে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান

নিজস্ব প্রতিনিধি: সমগ্র দেশের সঙ্গে একযোগে সাতক্ষীরায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠান হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দীর্ঘ প্রতীক্ষার পর এককালীন আর্থিক সুবিধার অর্থ হাতে পেয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে আনন্দ ও স্বস্তি দেখা যায়। অনুষ্ঠানের শুরুতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে যুক্ত হয়ে সারাদেশে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষকদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি শিক্ষকদের জাতি গঠনের কারিগর হিসেবে উল্লেখ করে তাদের অবসরকালীন পাওনা যথাসময়ে পরিশোধের গুরুত্বের কথা বলেন।

সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত এবং জেলা শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর কবির।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতী, সাংবাদিক মনিরুল ইসলাম মিনি, সুধী সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন উপজেলা থেকে আগত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ কর্মজীবনের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, শিক্ষক ও কর্মচারীরা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জীবনের শেষভাগে পাওয়া এ অর্থ তাদের চিকিৎসা ও দৈনন্দিন জীবনযাত্রায় সহায়তা করবে। তিনি সকলের সুস্থ, সুন্দর ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ কামনা করেন।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলার কয়েকশ অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী এ কার্যক্রমের আওতায় অবসর ও কল্যাণ সুবিধার অর্থ পেয়েছেন। তাঁদের অনেকের হাতে চেকের মাধ্যমে এবং কারও ক্ষেত্রে ডিজিটাল ট্রান্সফারের মাধ্যমে বকেয়া অর্থ প্রদান করা হয়।

দীর্ঘদিনের অপেক্ষার পর পাওনা অর্থ হাতে পেয়ে অনেক অবসরপ্রাপ্ত শিক্ষক আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁদের একজন বলেন, কর্মজীবন শেষ হওয়ার পর প্রাপ্য অর্থের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে। একযোগে এই অর্থ পাওয়ায় তাঁরা অত্যন্ত আনন্দিত ও স্বস্তি বোধ করছেন।

Ads small one

দেবহাটা ও আশাশুনিতে পুলিশের অভিযানে দু’জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ
দেবহাটা ও আশাশুনিতে পুলিশের অভিযানে দু’জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

দেবহাটা/আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে শাহিনুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ হাজার ৯৬০ টাকা উদ্ধার করা হয়।

শনিবার (১৫ আগস্ট) রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি থানা পুলিশের একটি টিম উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের তেঁতুলিয়া ব্রিজ সংলগ্ন দেলোয়ারের চায়ের দোকানের সামনে অভিযান চালায়। এ সময় ইটের সোলিং রাস্তার ওপর থেকে শাহিনুর রহমানকে আটক করা হয়।

তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৯৬০ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার শাহিনুর রহমান ফকরাবাদ (ব্রিজ সংলগ্ন) গ্রামের রজব আলী গাজীর ছেলে। পুলিশ জানায়, গ্রেপ্তার শাহিনুর রহমান ও পলাতক হাফিজুল গাজীর বিরুদ্ধে আশাশুনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার শাহিনুর রহমানকে পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এদিকে দেবহাটায় পুলিশের অভিযানে সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামীকে আটক করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের নেতৃত্বে থানায় কর্মরত এএসআই সাগর আলী সঙ্গীয় ফোর্সসহ ১৪ আগস্ট ২০২৬ রাত সাড়ে ১০টার দিকে দেবহাটা থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বহেরা গ্রামের অহিদ গাজীর ছেলে বারী গাজীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বারী গাজী একটি সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত বারী গাজী সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। তাকে ১৫ আগস্ট ২০২৬ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

কালিগঞ্জে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ
কালিগঞ্জে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবু রায়হান (৩০) নামে এক যুবক মারা গেছেন। শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরা-শ্যামনগর সড়কের কালিগঞ্জ ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু রায়হান শ্যামনগর উপজেলার কাটখালী গ্রামের বাসিন্দা। তিনি হ্যামকো কোম্পানির ডেলিভারীম্যান হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আবু রায়হান হ্যামকো কোম্পানির মালামাল নিয়ে ডেলিভারী ভ্যানে নলতার দিকে যাচ্ছিলেন। কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি দ্রুতগতির ট্রাক ডেলিভারি ভ্যানে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আবু রায়হানের।

স্থানীয় জনতা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানা গেছে।
খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে যায়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

কয়রায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৪:৪৭ অপরাহ্ণ
কয়রায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ

কয়রা (খুলনা) প্রতিনিধি: কয়রায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১ টায় কয়রা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য সাবেক ছাত্রনেতা এম এ হাসান, মনিরুজ্জামান বেল্টু, কয়রা উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বক্স, হারুনার রশিদ, কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল আলম, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইছানুর রহমান, বিএনপি নেতা কোহিনুর আলম, আবুল বাশার ডাবলু, এফ এম মনিরুজ্জামান, মোস্তাফিজুর রহমান, কয়রা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ প্রমুখ।

 

দোয়া ও মিলাদ মাহফিলে কয়রা উপজেলা বিএনপিসহ সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন, দোয়া মাহফিল পরিচালনা করেন খুলনা জেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক মাওলানা গোলাম মোস্তফা।