সাতক্ষীরায় ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার খানপুর এলাকায় পৈতৃক জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার বিশার বিলে এই হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন খানপুর গ্রামের মো. মহিবুল্লাহ (৫২), আব্দুস সবুর (৪১), মাসুম বিল্লাহ (৫৫) ও এস এম মাসুদ (৩৭)। তাঁদের সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খানপুর গ্রামের আব্দুস সবুর তাঁর পৈতৃক জমিতে চলতি মৌসুমে ইরি ধান আবাদ করেন। ওই জমি নিয়ে প্রতিবেশী গিয়াস উদ্দিনের সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আঃ সবুরের অভিযোগ, সোমবার ভোর ৬টার দিকে গিয়াস উদ্দিনের নেতৃত্বে ৫-৬ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে জোরপূর্বক ওই জমির ধান কাটতে শুরু করে।
বাধা দিতে গেলে হামলাকারীরা মহিবুল্লাহকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তাঁর ডান হাতে গুরুতর জখম হয়। এ সময় অন্যরা এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। এতে আব্দুস সবুরের আঙুলসহ অন্যরাও আহত হন। ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা প্রায় ১০ মণ ধান কেটে নিয়ে গেছে এবং যাওয়ার সময় তাঁদের প্রাণনাশের হুমকি দিয়েছে।
ভুক্তভোগী আব্দুস সবুর বলেন, ‘জমিটি আমাদের পৈতৃক সম্পত্তি। কিন্তু গিয়াস উদ্দিনরা দীর্ঘদিন ধরে এটি জবরদখলের চেষ্টা করছে। আজ বাধা দেওয়ায় তারা আমাদের ওপর নৃশংস হামলা চালিয়েছে।’
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ বা এজাহার পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।







