সাতক্ষীরায় ‘নজরুল বর্ষ’ উদযাপনের সূচনা
পত্রদূত ডেস্ক: “হে অশান্ত মুক্ত-কেতু! তোমার চরণে নমস্কার।/তুমি এসেছ আলো ছড়াতে, শৃঙ্খল ভাঙার গান গাইতে।” জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, দ্রোহ ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মননে বুনে দেওয়ার প্রত্যয়ে সাতক্ষীরায় শুরু হলো ‘নজরুল বর্ষ’। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রাজধানী ঢাকার তেজগাঁওস্থ কার্যালয় থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে একযোগে দেশের ৬৪টি জেলায় এই বিশেষ বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নজরুল বর্ষের এই শুভ সূচনা উপলক্ষে সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কবি নজরুলের কালজয়ী সৃষ্টি, জীবনদর্শন এবং মানবতার বাণী নিয়ে মুখরিত হয়ে ওঠে আয়োজনটি।
সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউছার আজিজের সভাপতিত্বে এই আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা-বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ পরিদর্শক (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী। আয়োজনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সাংবাদিক ও সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, নজরুল কেবল কোনো নির্দিষ্ট কাল বা গোষ্ঠীর কবি নন; তিনি বাঙালির চিরন্তন প্রেরণার উৎস। তাঁর সাহিত্য ও সংগীতের যে মূল সুরÑঅসাম্প্রদায়িকতা ও মানবিক মূল্যবোধ, তা আজ সমাজে ছড়িয়ে দেওয়া বড্ড বেশি প্রয়োজন। নতুন প্রজন্মকে নজরুলের জীবন ও সৃষ্টির সঙ্গে আরও নিবিড়ভাবে পরিচয় করিয়ে দেওয়ার ওপর জোর দেন তাঁরা।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এই উদ্বোধনের মধ্য দিয়ে সাতক্ষীরায় নজরুল বর্ষের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। কবির এই জন্মজয়ন্তী উদ্যাপনে বছরজুড়ে জেলার বিভিন্ন স্থানে সাহিত্য আসর, সাংস্কৃতিক উৎসব এবং শিক্ষামূলক নানা কর্মসূচির আয়োজন করা হবে।









