সাতক্ষীরায় পূবালী ব্যাংকের তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন শুরু
নিজস্ব প্রতিনিধি: ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’Ñএই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় শুরু হয়েছে পূবালী ব্যাংক পিএলসি-র তিন দিনব্যাপী বিশেষ ক্যাশলেস ক্যাম্পেইন। সোমবার (২৭ এপ্রিল) সকালে সাতক্ষীরা বড় বাজার এলাকায় এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন। অনুষ্ঠানে ব্যাংকের আধুনিক ডিজিটাল সেবাগুলো গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
শাখা ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন তার বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ক্যাশলেস বা নগদবিহীন লেনদেনের কোনো বিকল্প নেই। তিনি গ্রাহকদের পকেট থেকে টাকা বের না করে মোবাইল অ্যাপ বা কার্ডের মাধ্যমে পেমেন্ট করার গুরুত্ব তুলে ধরেন। সভায় ‘বাংলা কিউআর’, পস মেশিন, এনপিএসবি, ই-কেওয়াইসি, ‘পাই’ অ্যাপ এবং ডেবিট কার্ডসহ ব্যাংকের বিভিন্ন আধুনিক সেবার বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অপারেশন ম্যানেজার মো. আনারুল ইসলাম, অ্যাডভান্স ইনচার্জ তন্ময় মন্ডল, ক্যাশ ইনচার্জ আব্দুল মাজেদ, এডিসি অফিসার মো. আক্তারুজ্জামান এবং বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল জমাদ্দারসহ ব্যাংকের বিপুল সংখ্যক গ্রাহক। আগামী তিন দিন এই ক্যাম্পেইনের মাধ্যমে বড় বাজার ও এর আশপাশের ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে উদ্বুদ্ধ করতে মাঠ পর্যায়ে কাজ করবে ব্যাংকের বিশেষ প্রতিনিধি দল।







