বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু

সংবাদদাতা: সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম প্রান্তিক মূল্যায়ন (পরীক্ষা) আজ বুধবার থেকে শুরু হয়েছে। প্রথম দিন প্রথম ও দ্বিতীয় শ্রেণির ইংরেজি বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার (৭ মে) প্রথম ও দ্বিতীয় শ্রেণির বাংলা এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

শনিবার (৯ মে) প্রথম ও দ্বিতীয় শ্রেণির প্রাথমিক গণিত এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির বাংলা পরীক্ষা নেওয়া হবে। এ ছাড়া রোববার (১০ মে) তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির প্রাথমিক গণিত, সোমবার (১১ মে) একই শ্রেণির প্রাথমিক বিজ্ঞান ও ধর্ম ও নৈতিক শিক্ষা এবং মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছে, জেলার ১ হাজার ৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, “প্রথম প্রান্তিক মূল্যায়নের পাশাপাশি সব বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থীর বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে দক্ষতা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি জানান, ক্লাস্টারভিত্তিক উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা বিদ্যালয়ভিত্তিক কর্মপরিকল্পনাও প্রস্তুত করেছেন।

উল্লেখ্য, এবারের মূল্যায়ন পদ্ধতিতে কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্ষেত্রে পাঠ্যপুস্তক ও শিক্ষক সহায়িকার মাধ্যমে পরিচালিত বিষয়ে ৫০ শতাংশ ধারাবাহিক এবং ৫০ শতাংশ সামষ্টিক মূল্যায়ন রাখা হয়েছে। আর যেসব বিষয়ে শুধুমাত্র শিক্ষক সহায়িকার ভিত্তিতে পাঠদান হয়, সেসব ক্ষেত্রে শতভাগ ধারাবাহিক মূল্যায়ন করা হবে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ক্ষেত্রে পাঠ্যপুস্তক ও শিক্ষক সহায়িকাভিত্তিক বিষয়ে ৩০ শতাংশ ধারাবাহিক এবং ৭০ শতাংশ সামষ্টিক মূল্যায়ন নির্ধারণ করা হয়েছে।

 

অন্যদিকে শুধুমাত্র শিক্ষক সহায়িকাভিত্তিক বিষয়ে থাকবে শতভাগ ধারাবাহিক মূল্যায়ন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা, পরীক্ষাকক্ষে শৃঙ্খলাপূর্ণ আসন বিন্যাস এবং উত্তরপত্র অন্তত এক বছর সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ কোনো পরিস্থিতিতে পরীক্ষার সময়সূচি পরিবর্তনের সুযোগও রাখা হয়েছে। এ ছাড়া প্রাক-প্রাথমিক শ্রেণির পাঠদান স্বাভাবিক থাকবে এবং নির্ধারিত নির্দেশনা অনুযায়ী মূল্যায়ন কার্যক্রম চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

Ads small one

আশাশুনিতে জামায়াতের দায়িত্বশীল ও প্রার্থীদের নিয়ে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
আশাশুনিতে জামায়াতের দায়িত্বশীল ও প্রার্থীদের নিয়ে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন দায়িত্বশীল ও স্থানীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর দুপুরে উপজেলা জামায়াত কার্যালয়ে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

 

উপজেলা আমির ও আশাশুনি সদর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সহ-সেক্রেটারি অধ্যাপক মাওলানা ওবায়দুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাড. আব্দুস সোবহান মুকুল ও মাওলানা আবু বক্কর সিদ্দিক। এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘দরদি’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘দরদি’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি: দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘দরদি’-এর ২০২৬-২৭ মেয়াদের ১২৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ২২ অক্টোবর সন্ধ্যায় দেবহাটা প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করেন সংগঠনটির কার্যনির্বাহী উপদেষ্টা ও সরকারের যুগ্মসচিব আবুল হাসান।

 

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন, প্রতিষ্ঠাকালীন সভাপতি নাসিম হাসান, সাধারণ সম্পাদক নাজমুল আহসান, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জ্বলসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

নবগঠিত কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়ন পাল সভাপতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ শাহরিয়ার রাকিব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সরুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
সরুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ

পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় ৩ নম্বর সরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদ রানার ওপর প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা যায়, ২২ অক্টোবর বড় কাশিপুর গ্রামে জমিজমা সংক্রান্ত একটি সালিশ বৈঠক শেষে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে ওঁৎ পেতে থাকা ব্যক্তিরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। পেছন থেকে মাথায় সজোরে আঘাত করে তাঁকে বেধড়ক মারধর করা হয়।

 

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল এবং পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জেল হোসেন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।