সাতক্ষীরায় মৎস্যঘেরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
সংবাদদাতা: সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যঘেরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউনুস আলী (৩২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পাটকেলঘাটা থানার খলিশখালী ইউনিয়নের কেষ্টনগর ব্রিজ সংলগ্ন হাসখালি গ্রামের একটি মৎস্যঘেরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউনুস আলী সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের কামারডাঙ্গা গ্রামের মোকসেদ গাজীর ছেলে। তিনি ওই মৎস্যঘেরে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, ঘটনার সময় মৎস্যঘেরে ইউনুস আলী ও একজন কর্মচারী কাজ করছিলেন। হঠাৎ করেই ইউনুস বিদ্যুতায়িত হয়ে পড়লে অপর সহযোগী দ্রুত মেইন সুইচ বন্ধ করে তাকে উদ্ধারের চেষ্টা চালান। পরে তাকে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর ঘেরের কর্মচারী তাৎক্ষণিকভাবে মৎস্যঘেরের মালিককে বিষয়টি জানান। মালিকপক্ষ বিষয়টি সঙ্গে সঙ্গে পাটকেলঘাটা থানায় অবহিত করে।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার ডিউটি অফিসার জানান, “আমরা খবর পেয়েছি এবং ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।”









