সাতক্ষীরায় লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান
সংবাদদাতা: সাতক্ষীরায় বাউল সম্রাট লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কের উন্মুক্ত মঞ্চে জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবং জেলা শিল্পকলা একাডেমি ও জেলা কালচারাল অফিসের সহযোগিতায় এ ‘লালন স্মরণানুষ্ঠান’ আয়োজন করা হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সাংবাদিক জিএম মনিরুল ইসলাম মিনি, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, সাতক্ষীরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলাউদ্দিন এবং জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমান। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সুধীজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বাউল সম্রাট লালন সাঁইয়ের জীবন, মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, লালনের গান ও বাণী মানুষকে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানবতার জয়গান গাইতে শেখায়।
আলোচনা সভা শেষে জেলা কালচারাল অফিস ও স্থানীয় শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে লালন সাঁইয়ের জনপ্রিয় আধ্যাত্মিক গান পরিবেশন করা হয়।









